জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয়পুরহাটে জেলা বিএনপি আনন্দ মিছিল করেছে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়।
এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, এম. এ. ওয়াহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ ও জেলা যুবদলের সাবেক আহ্বায়ক শাহনেওয়াজ কবির শুভ্রসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
অন্যদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীমের নেতৃত্বে শহরে একটি আনন্দ মিছিলও অনুষ্ঠিত হয়।
পৃথক কর্মসূচির মাধ্যমে শেখ হাসিনাকে দ্রুত দেশের মাটিতে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবি জানানো হয়।
সাগর/রিফাত/