বর্তমানে রাজশাহী মহানগরীতে ফ্লাইওভার নির্মাণকাজ যেন কচ্ছপের গতি নিয়েছে। তাছাড়া প্রশ্ন থেকে যায় নির্মাণকৃত ফ্লাইওভার রাজশাহীর মানুষের জন্য কতটুকু মঙ্গলজনক। আবার ফ্লাইওভার কাজের জন্য যানজটের সৃষ্টি, অস্থিতিশীল অবস্থা, দূষণ ইত্যাদি সৃষ্টি হয়েছে। তার চেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু মশার উৎপত্তি। ফ্লাইওভার বানাতে প্রচুর গর্ত, খোঁড়ামাটি, ড্রেন লাইনের কাটাকুটি, বড় স্ল্যাব ও ইটের ফাঁক ইত্যাদি তৈরি হয়। এগুলোতে বৃষ্টির পানি জমে যা দীর্ঘ সময় শুকায় না। তাছাড়া নির্মাণকাজের ফলে ময়লা-আবর্জনার উৎপত্তি, ড্রেনের অচলাবস্থা সৃষ্টি, পানি নিষ্কাশনের অভাব- এসব কারণে পানি দীর্ঘ সময় স্থির থাকে, যা এডিস মশার জন্য অনুকূল পরিবেশ। ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ আমাদের স্বাস্থ্য নিরাপত্তা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
নুশরাত জাহান অনন্যা
শিক্ষার্থী, উদ্ভিদবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়
[email protected]