নোয়াখালী-৪ আসনের বিএনপি প্রার্থী ও দলের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দীর্ঘদিন পর ভোট দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বিজয়ের মালিক সম্পূর্ণ আল্লাহ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় মাইজদী পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
মোহাম্মদ শাহজাহান বলেন, রাষ্ট্রের নাগরিক হিসেবে অবাধ ও সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোট দিতে পেরে আমি আনন্দিত। আশা করি ভোট শেষে গণনা পর্যন্ত এমন পরিবেশ বজায় থাকবে। এজন্য সকল রাজনৈতিক দল ও নির্বাচন কর্মকর্তাদের সহযোগিতা কামনা করছি।
তিনি বলেন, জয়-পরাজয়ের মালিক একমাত্র আল্লাহ। তবে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। কারণ অতীতে কখনো আল্লাহ আমাকে নিরাশ করেননি। এবারও আমার আল্লাহ আমাকে নিরাশ করবেন না।
বিএনপির এ নেতা বলেন, আমি আশাকরি ভোট শেষে মানুষ যেন বলতে পারে একটি অবাধ ও সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন হয়েছে। কোথাও যেন কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসনে মোহাম্মদ শাহজাহানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার। এখানে ভোটার সংখ্যা সাত লাখ ৩৩৮ জন। কেন্দ্র সংখ্যা ১৯৮টি।
ইকবাল হোসেন/অমিয়/