কক্সবাজারের টেকনাফে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়।
সরেজমিনে দেখা গেছে, টেকনাফ পৌরসভা, সদর ইউনিয়ন, বাহারছড়া, হোয়াইক্যং ও হ্নীলা ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রগুলোতে টহল ও নিরাপত্তা কার্যক্রম জোরদার রেখেছেন।
টেকনাফ সদরের লম্বরী মলকাবানু উচ্চ বিদ্যালয় কেন্দ্রের এক নারী ভোটার জানান, দীর্ঘদিন পর নিজের ভোট নিজে দেওয়ার সুযোগ পেয়ে তারা আনন্দিত। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি।
ওই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মো. ফারুক জানান, সকাল সাড়ে ৭টা থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৩২ জন। বেলা পর্যন্ত প্রায় ৮ শতাংশ ভোট কাস্ট হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান তিনি।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইমামুল হাফিজ নাদিম বলেন, একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
মো. শাহীন/অমিয়/