ঢাকা ৩০ আষাঢ় ১৪৩৩, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

সর্বশেষ
জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষা হবে: শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে কানাডা-বাংলাদেশি শেফ মাদিহা তুরশীন আটোয়ারীতে ৭ কেজি কষ্টিপাথরসহ আটক ২ তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে: প্রধানমন্ত্রী গোপালগঞ্জে মাথার চুল কেটে স্ত্রীকে নির্যাতন কেন আর্জেন্টিনাকে ‘আলবিসেলেস্তে’ বলা হয়? জেনে নিন নামটির ইতিহাস হজে ৯৮ হাজার টাকায় যাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলা এয়ারলাইন্সের বন্যপ্রাণীপ্রেমী সীতেশ রঞ্জন দেব আর নেই ২০২৬ বিশ্বকাপে ফুটবল দলের প্রধান চিকিৎসক স্ত্রীরোগ বিশেষজ্ঞ! জন্মদিনের আয়োজন ছেড়ে মাঠে সেমিফাইনালের আগে এমবাপ্পের চোট নিয়ে শঙ্কা! দাউদকান্দিতে হত্যা মামলার  ৪ আসামি গ্রেপ্তার নারী উন্নয়নে ইসলামিক উম্মাহর সহযোগিতা বাড়ানোর আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খানের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ কুড়িগ্রামে স্বামী হত্যার ২০ বছর পর স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন টেনশনে রহমত সাহেব বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে পরিবহন ও লজিস্টিকস খাতে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড বন্যা মোকাবিলায় সমন্বিতভাবে কাজের আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর ৩ দফা দাবিতে উত্তাল রাজশাহী শিক্ষা বোর্ড প্রধানমন্ত্রীর অনুমোদন সাপেক্ষে উদ্বোধন করা হবে জুলাই স্মৃতি জাদুঘর সবচেয়ে প্রিয় বাগানটাই দান কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ বোয়ালমারীতে শিশু বলাৎকারের মামলায় কিশোর গ্রেপ্তার র‍্যাগিং ও ব্যাচকল ঠেকাতে এবার কঠোর জাককানইবি প্রশাসন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে স্বাক্ষর করলেন মিয়া গোলাম পরওয়ার রামপুরায় নড়াই নদীর নামফলক উধাও, থানায় জিডি সেমিফাইনালের আগে ফের আলোচনায় স্কালোনি-বেকহামের পুরোনো দ্বন্দ্ব এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ: ১ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস ইংল্যান্ড দলে কোনো বিভক্তি নেই: কেইন

কুড়িগ্রামে স্বামী হত্যার ২০ বছর পর স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৩:৪১ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৩:৪৬ পিএম
কুড়িগ্রামে স্বামী হত্যার ২০ বছর পর স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন
প্রতীকী ছবি।
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার গোড়ক মন্ডল গ্রামে পরকীয়ার জেরে স্বামী কেতাব উদ্দিনকে হত্যার দায়ে স্ত্রী ও তার প্রেমিকসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
 
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে কুড়িগ্রামের অতিরিক্ত জেলা দায়রা আদালতের অতিরিক্ত বিচারক জয়নাল আবেদীন এই রায় দেন।

যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা হলেন,  স্ত্রী নুর নাহার, শাশুড়ি ছকিনা বেগম, শ্বশুর নুর মোহাম্মদ ও পরকীয়া প্রেমিক গফুর।

মামলা সুত্রে জানা যায়, ২০০৬ সালের ১৮ এপ্রিল উপজেলার গোড়কমন্ডল গ্রামে স্ত্রী নুরনাহার তার স্বামীকে দাওয়াত খাওয়ার কথা বলে কৌশলে পাশ্ববর্তী তার প্রেমিকের বাড়িতে নিয়ে যান। সেখানে স্ত্রী নুর নাহার ও তার বাবা-মা এবং তার পরকীয়া প্রেমিক মিলে কেতাব উদ্দিনকে হত্যা করে বাড়ির পাশের জমিতে মরদেহ ফেলে রাখেন।
 
পরদিন (১৯ এপ্রিল) কেতাব উদ্দিনের বাবা আলী মুদ্দিন বাদী হয়ে ৯ জনকে আসামি করে হত্যা মামলা করেন। আদালত দীর্ঘ শুনানি শেষে অভিযুক্ত ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন, অ্যাডভোকেট মনোয়ার হোসেন আলো ও সরকার পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম। 
 
গোলাম মওলা সিরাজ/আজহার/
 
 

আটোয়ারীতে ৭ কেজি কষ্টিপাথরসহ আটক ২

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:২০ পিএম
আটোয়ারীতে ৭ কেজি কষ্টিপাথরসহ আটক ২
ছব: খবরের কাগজ

পঞ্চগড়ের আটোয়ারীতে ৭ কেজি ওজনের একটি কষ্টিপাথরসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, দুটি বাটন মোবাইল ও দুটি সিম কার্ড জব্দ করা হয়। জব্দ করা মালামালের মোট মূল্য প্রায় ৮ লাখ ৮৭ হাজার ৪০০ টাকা।

বিজিবি জানায়, সোমবার রাত ২টায় বর্ষালুপাড়া বিওপির টহলরত সদস্যরা পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাধাকৃষ্ণ বাজার এলাকায় অভিযান চালিয়ে দুলাল হোসেন (৩৬) ও মো. কলিম উদ্দিন (৪০) নামে দুইজনকে আটক করে এবং তাদের কাছ থেকে ৭ কেজি ওজনের একটি কষ্টি পাথর জব্দ করে।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খ. আখলাকুর রহমান জানান, আটক দুই ব্যক্তিকে আটোয়ারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।  

রনি/নাঈম

গোপালগঞ্জে মাথার চুল কেটে স্ত্রীকে নির্যাতন

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:১৫ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৪:২২ পিএম
গোপালগঞ্জে মাথার চুল কেটে স্ত্রীকে নির্যাতন
স্ত্রী হাত-পা বেঁধে ও মাথার চুল কেটে মধ্যযুগীয় কায়দায় রাতভর নির্যাতন
গোপালগঞ্জের মুকসুদপুরের নেশার টাকা না পেয়ে ঘরে তালাবদ্ধ করে আটকে রেখে স্ত্রী সোনিয়াকে (২৫) হাত-পা বেঁধে ও মাথার চুল কেটে নির্যাতন করার অভিযোগ উঠেছে মাদকসেবী স্বামী নাজমুল শেখের (২৮) বিরুদ্ধে।
 
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পুলিশ খবর পেয়ে নির্যাতনের শিকার ওই গৃহবধূ ও দুই শিশু সন্তানকে উদ্ধার এবং স্বামী নাজমুল শেখকে আটক করে।
 
সোমবার রাতে মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের গয়লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
 
নির্যাতনের শিকার গৃহবধূ মুন্সীগঞ্জের চরমুসুরিয়া এলাকার লোকমান সরকারের মেয়ে।
 
স্থানীয়রা জানিয়েছেন, মাদকসেবী স্বামী নাজমুল প্রায়ই নেশা করে তার স্ত্রী সোনিয়াকে মারধর করতেন। এরই জেরে সোমবার রাতে নেশার টাকা চান স্বামী নাজমুল। এ সময় স্ত্রী সোনিয়া টাকা দিতে না চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘরে তালাবদ্ধ করে  হাত-পা বেঁধে মাথার চুল কেটে দুই শিশু সন্তান আবু রায়হান (৮) ও আবু মুছার (৪) সামনে রাতভর নির্যাতন করেন।
 
পরে মঙ্গলবার সকালে স্থানীয়রা গৃহবধূর চিৎকার শুনে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে ঘরের তালা ভেঙে তাদের উদ্ধার এবং স্বামী নাজমুলকে আটক করে। আহত সোনিয়াকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
 
গৃহবধূ সোনিয়া বলেন, ‘প্রায় সময়ই নেশা করে বাড়িতে এসে আমাকে সামান্য বিষয় নিয়ে মারধর করে। সোমবার রাতে কথা কাটাকাটির এক পর্যায় আমার দুই শিশু সন্তানের সামনে আমাকে হাত-পা বেঁধে চুল কেটে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে পিঠে কুপিয়ে জখম করেছে। রাতভর নির্যাতন করেছে। আমি এর বিচার চাই।’
 
নাজমুল শেখ বলেন, ‘আমার স্ত্রী পালিয়ে যাওয়ার আশঙ্কায় তাকে হাত-পা বেঁধে ও চুল কেটে রেখেছি। যাতে সে পালিয়ে যেতে না পারে।’
 
স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম মাতুব্বর বলেন, নাজমুল মাদকসেবী। সে প্রায়ই মাদক খেয়ে তার স্ত্রীকে মারধর করে। আমরা এর সুষ্ঠু বিচার দাবি করছি।
 
সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোন্দকার আরঙ্গজেব জানান, খবর পেয়ে নির্যাতনের শিকার গৃহবধূসহ দুই সন্তানকে উদ্ধার ও নির্যাতনকারী স্বামী নাজমুলকে আটক করে মুকসুদপুর থানায় পাঠানো হয়েছে। স্ত্রী মামলা করলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। 
 
বাদল সাহা/আজহার/

বন্যপ্রাণীপ্রেমী সীতেশ রঞ্জন দেব আর নেই

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৪:০৩ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৪:০৮ পিএম
বন্যপ্রাণীপ্রেমী সীতেশ রঞ্জন দেব আর নেই
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান বন্যপ্রাণীপ্রেমী সীতেশ রঞ্জন দেব / খবরের কাগজ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান বন্যপ্রাণীপ্রেমী সীতেশ রঞ্জন দেব আর নেই।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা ৫ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। শহরের রামকৃষ্ণ মিশন সড়কে নিজ বাসায় তিনি চিকিৎসাধীন ছিলেন। সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শ্রীমঙ্গল পলি ক্লিনিকে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার মৃত্যু খবর ছড়িয়ে পরলে শত শত মানুষ তাকে শেষবার দেখার জন্য বাসায় ভিড় করেন।

পরে তার মরদেহ রাখা হয় বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে। সেখানে শ্রদ্ধা জানানোর পর শেষকৃত্যর জন্য তাকে নয়াগাঁও গ্রামে পারিবারিক শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয়।

সীতেশ রঞ্জন দেব দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে আহত, অসুস্থ ও বিপন্ন বন্যপ্রাণীর উদ্ধার, চিকিৎসা, পরিচর্যা, পুনর্বাসন এবং সুস্থ হওয়ার পর তাদের প্রাকৃতিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়ার মহৎ কাজে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছিলেন। তার প্রতিষ্ঠিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসনকেন্দ্র হিসেবে অসংখ্য বিরল ও বিপন্ন প্রাণীর নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় তার অসামান্য অবদান, অক্লান্ত পরিশ্রম এবং মানবিক দৃষ্টিভঙ্গি আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার স্নেহ, মমতা ও কর্মনিষ্ঠা শুধু বন্যপ্রাণী সংরক্ষণেই নয়, মানুষের হৃদয়েও চিরস্মরণীয় হয়ে থাকবে।

তার মৃত্যুতে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

সীতেশ রঞ্জন দেবের মৃত্যুতে শ্রীমঙ্গলসহ দেশের পরিবেশবাদী, বন্যপ্রাণী সংরক্ষণকর্মী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

হৃদয় শুভ/তামান্না রুপা/

গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৩:২৮ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৩:৩৮ পিএম
গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
আসামি আলীম কাজী/ খবরের কাগজ

গোপালগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন বিচারক।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ রায় ঘোষণা করেন।

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত আলীম কাজী মাদকাসক্ত ছিলেন। ২০২৩ সালের ১২ মে সন্ধ্যায় আলীম কাজী মাদক সেবন করে নিজ বাড়িতে বিশৃঙ্খলা ও ভাঙচুর শুরু করলে বাবা ইসমাইল কাজী তাতে বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে আলীম তার বাবাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যান।

১৩ মে সকালে বাবা ইসমাইল কাজী বাড়ির পাশে আখ পরিষ্কার করছিলেন। এ সময় মাদকসেবী আলীম বটি দিয়ে গলায় কোপ দেয়। পরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় ছেলে সেলিম কাজী বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরে পুলিশের তদন্ত ও স্বাক্ষ্য গ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সামছুল হক এ সাজা দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপিস্থিত ছিলেন।

বাদল সাহা/তামান্না রুপা/

৩ দফা দাবিতে উত্তাল রাজশাহী শিক্ষা বোর্ড

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৩:১৩ পিএম
আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৩:৩০ পিএম
৩ দফা দাবিতে উত্তাল রাজশাহী শিক্ষা বোর্ড
ছবি: খবরের কাগজ

বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা স্থগিত করা, প্রশ্নপত্রের ত্রুটি দূর করা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজশাহী শিক্ষা বোর্ড ঘেরাও কর্মসূচি পালন করেছেন পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে বোর্ড চেয়ারম্যানের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বোর্ড চেয়ারম্যান ও সচিবের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবিগুলো তুলে ধরে।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, দেশের বিভিন্ন এলাকায় বন্যা ও জলাবদ্ধতার মধ্যেও এইচএসসি পরীক্ষা নেওয়ায় হাজারো পরীক্ষার্থী চরম ভোগান্তির মুখে পড়েছেন। অনেকেই ভেজা কাপড়ে পরীক্ষা দিতে বাধ্য হয়েছেন, আবার অনেকে সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারেননি। এ পরিস্থিতিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের মতো দেশের সব শিক্ষা বোর্ডের পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সূচি প্রকাশের দাবি জানান তারা।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, সাম্প্রতিক কয়েকটি পরীক্ষার প্রশ্নপত্রে একাধিক ত্রুটি ছিল। বিশেষ করে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে ভুল থাকায় পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। একই সঙ্গে প্রশ্নপত্রের মানও শিক্ষার্থীবান্ধব নয়। পাঠ্যসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রশ্ন প্রণয়ন করতে হবে। ভর্তি পরীক্ষার মতো কঠিন প্রশ্ন দিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন করা উচিত নয়।

বিক্ষোভকারীরা আরও অভিযোগ করে বলেন, শিক্ষা ব্যবস্থায় রাজনৈতিক প্রভাবের কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের দাবি, নতুন প্রশ্নপত্রের ধরন ও পরীক্ষা পদ্ধতি শিক্ষার্থীদের মতামত ছাড়াই বাস্তবায়ন করা হয়েছে। শিক্ষা ব্যবস্থার মৌলিক উন্নয়ন না করে শুধু পরীক্ষার ধরন পরিবর্তন গ্রহণযোগ্য নয়।

শিক্ষার্থীরা জানান, তাদের তিনটি প্রধান দাবি হলো, শিক্ষামন্ত্রীর পদত্যাগ, বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত এবং প্রশ্নপত্রের ত্রুটির জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ। পাশাপাশি ১৩ জুলাই বৈরি আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের জন্য পৃথক ও বাস্তবসম্মত সমাধানেরও দাবি জানান তারা।

একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থীকে নিয়ে একটি প্রতিনিধি দল রাজশাহী শিক্ষা বোর্ড চেয়ারম্যানের কার্যালয়ে প্রবেশ করে। সেখানে বোর্ড চেয়ারম্যান ও সচিবের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে তারা বন্যা পরিস্থিতি, প্রশ্নপত্রের ত্রুটি, পরীক্ষা স্থগিত এবং শিক্ষার্থীবান্ধব শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করার দাবি পুনর্ব্যক্ত করেন।

আলোচনা শেষে আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, দাবিগুলোর বিষয়ে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

এনায়েত করিম/খাদিজা রুমি/