ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী। এই অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন হয় ঢাকার আদালতে।
সোমবার (১৩ নভেম্বর) আবেদনটি খারিজ করে দিয়েছেন আদালত। বাদীর জবানবন্দি নিয়ে আদালত মামলা নেওয়ার মতো কোনো উপাদান না থাকায় আবেদনটি খারিজ করেন।
আদালতের বেঞ্চ সহকারী রাকিব চৌধুরি বিষয়টি নিশ্চিত করে জানান, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপটার এর প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু এই আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে এই আবেদন করেন বাদী। আদালত তা খারিজ করে দিয়েছেন। মামলার অন্য আসামিরা হলেন- চাম্বল ইউনিয়ন পরিষদের ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাত, এহছান, ফরহাদ, নাছির ও সাইফুল।
মামলার আবেদনে বলা হয়, সব আসামির উপস্থিতিতে ও সহযোগিতায় গত ৬ নভেম্বর বাঁশখালীর এক জনসভায় মুজিবুল হক চৌধুরী পিটার হাসকে হুমকি দেন। তিনি পিটার হাসকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন এবং অশালীন মন্তব্য করেন, যা ৮ নভেম্বর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কেও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা হাজার কোটি টাকার মানহানির শামিল বলে উল্লেখ করা হয়।
এমএ/