আদালতের রায় অমান্য ও আপিল বিভাগের দুই বিচারপতির বিরুদ্ধে মিছিল-সমাবেশ করায় বিএনপির ৭ আইনজীবীকে তলব করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আদালত অবমাননার অভিযোগ এনে বিএনপির ৭ আইনজীবীর বিরুদ্ধে করা এক আবেদনের শুনানি গ্রহণ করে বুধবার (১৫ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
৭ আইনজীবী হলেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি, জাতীয়তবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভূঁইয়া, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহসম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল। তাদেরকে আগামী ১৫ জানুয়ারি সশরীরে হাজির হয়ে মিছিল-সমাবেশের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
২০০৫ সালে হাইকোর্টের বিচারপতি আব্দুল মতিন ও বিচারপতি এ এফ এম আব্দুর রহমানের বেঞ্চ এক রায়ে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের মিছিল-সমাবেশ না করার নির্দেশ দিয়েছিলেন। আপিল বিভাগও গত ৩০ আগস্ট এক আদেশে হাইকোর্টের ওই রায় কঠোরভাবে পালন করতে আইনজীবীদের প্রতি নির্দেশ দেন।
এর আগে গত ১৫ আগস্টের শোক দিবসের আলোচনা সভায় ‘বিচারপতিরা শপথবদ্ধ রাজনীতিবিদ’ উল্লেখ করে বক্তব্য দেওয়ায় আপিল বিভাগের দুজন বিচারপতির বিরুদ্ধে একাধিকবার সংবাদ সম্মেলন করে বিএনপির আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
এ ছাড়া ওই দুজন বিচারপতিকে বিচারকাজ থেকে বিরত রাখতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল-সমাবেশ ও সংবাদ সম্মেলন করেন বিএনপির আইনজীবীরা। এতে সংক্ষুব্ধ হয়ে বিএনপি আইনজীবীদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে গত ২৯ আগস্ট আপিল বিভাগে আবেদন করেন অ্যাডভোকেট নাজমুল হুদা। তার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট নাহিদ সুলতানা যূথি।
সালমান/