সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের হওয়া গ্যাটকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত। খালেদা জিয়াসহ এ মামলার ১৩ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য আদালত আগামী ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) এ আদেশ দেন আদালত।
এদিন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ঢাকার ৩ নম্বর বিশেষ আদালতের বিচারক আলী হোসেনের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আদালতে হাজির হতে পারেননি। আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ তার পক্ষে আদালতে হাজিরা দিয়ে অভিযোগ গঠনের ওপর শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আবেদন মঞ্জুর করে আদালত নতুন দিন ধার্য করেন।
প্রসঙ্গত, সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলা করে। রাজধানীর তেজগাঁও থানায় কমিশনের উপপরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী চারদলীয় জোট সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোসহ ১৩ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়। মামলার পরদিন খালেদা জিয়া ও কোকোকে গ্রেপ্তার করা হয়।
ওই বছরের ১৮ সেপ্টেম্বর মামলাটি জরুরি ক্ষমতা আইনে অন্তর্ভুক্ত করা হয়। ২০০৮ সালের ১৩ মে খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। এতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকোকে ঢাকার কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার ৬১৬ টাকার ক্ষতি করেছেন।
এই মামলার আসামি ছিলেন ২৪ জন। আসামিদের মধ্যে ১১ জন এরই মধ্যে মারা গেছেন। খালেদা জিয়া ছাড়া বাকি উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান কমোডর জুলফিকার আলী, প্রয়াত মন্ত্রী কর্নেল (অব.) আকবর হোসেনের স্ত্রী জাহানারা আকবর এবং দুই ছেলে ইসমাইল হোসেন সায়মন ও এ কে এম মুসা কাজল, এহসান ইউসুফ, সাবেক নৌসচিব জুলফিকার হায়দার চৌধুরী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সাবেক সদস্য এ কে রশিদ উদ্দিন আহমেদ।
এআর