ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আরও চারটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. ইব্রাহীম মিয়া দুদকের আবেদন মঞ্জুর করে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এর আগে বেলা সাড়ে ১১টায় তাকে আদালতের এজলাসে হাজির করা হয়। শুনানি শেষে দুপুর ১টার দিকে তাকে কারাগারে পাঠানো হয় বলে জানায় আদালতে সংশ্লিষ্ট সূত্র।
গ্রেপ্তার দেখানো মামলাগুলোর মধ্যে ভুয়া কোম্পানির নামে অবৈধভাবে ৪৯৬ কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগে একটি, প্রায় ৩৪ কোটি টাকা অর্থ আত্মসাৎ ও ৭৬ কোটি ৩৯ লাখ টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে পৃথক দুইটি এবং ১১৩ কোটি ৪১ লাখ টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে আরেকটি মামলা করেছে দুদক।
এখন পর্যন্ত দুর্নীতির পাঁচ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হলো।
এর আগে, ভুয়া কোম্পানির নামে আইএফআইসি ব্যাংক থেকে ৬১৮ কোটি টাকা ঋণ এবং নামমাত্র কোম্পানির নামে ১৪৬ কোটি ৮২ লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাতের ঘটনায় দুদকের করা মামলায় চলতি বছরের গত ২১ জুলাই তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত বছরের ১৩ আগস্ট রাজধানীর সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। এর পর থেকে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে বহু মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিভিন্ন মেয়াদে তাকে রিমান্ডে নেওয়া হয়।
জলিল উজ্জ্বল/অমিয়/