নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে রুবেল নামের এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন।
আসামিকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া আসামির স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভিকটিমকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে।
রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তার উপস্থিতিতে রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠিয়ে দেয়া হয়।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর এরশাদ আলম জর্জ এ তথ্য নিশ্চিত করেছেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, এই রায় সমাজে দৃষ্টান্ত হয়ে থাকবে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৮ অক্টোবর ঢাকার কেরানীগঞ্জ এলাকার ভাড়া বাসায় মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন রুবেল। রাত সাড়ে ৩টার দিকে মেয়েকে ঘুম থেকে তুলে ধর্ষণ করে। ঘটনার প্রায় ২ বছর আগে থেকেই বিভিন্ন সময় আসামি রুবেল ভিকটিমকে বিভিন্ন সময় ধর্ষণ করে ফলে ভিকটিম গর্ভবতী হয়।
এ ঘটনায় ভিকটিমের নানী কেরানীগঞ্জ মডেল থানায় ২১ অক্টোবর মামলাটি দায়ের করে।
২০১৯ সালের ৩১ জানুয়ারি কেরানীগঞ্জ মডেল থানার উপ পরিদর্শক এস এম মেহেদী হাসান, মামলায় অভিযোগপত্র দাখিল করেন।
ট্রাইব্যুনালে বিচার চলাকালে ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।
এম এ জলিল উজ্জ্বল/মাহফুজ