সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের স্ত্রী নাদিরা মাহমুদ, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের স্ত্রী আরিফা জেসমিনসহ চারজনের আয়কর নথি জব্দ করার আদেশ দেওয়া হয়েছে।
নথি জব্দ করা অন্যরা হলেন রাজশাহী-৪ আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রী তহুরা হক।
সোমবার (১৮ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ শুনানি শেষে দুদকের করা পৃথক আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবেক শিল্পমন্ত্রীর স্ত্রীর আয়কর নথি জব্দ করার আবেদন করেন দুদকের সহকারী পরিচালক এ কে এম মর্তুজা আলী সাগর।
আবেদনে বলা হয়, নাদিরা মাহমুদের বিরুদ্ধে অসদুপায়ে অর্জিত বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, নাদিরা মাহমুদ অসাধু উপায়ে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশে এক কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৫০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির নামে দাখিল করা আয়কর নথির শুরু হতে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত সব মূল নথিপত্র এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা প্রয়োজন।
এছাড়া, পলকের স্ত্রী ও এনামুল দম্পতির আয়কর নথি জব্দ করার আদেশ চেয়ে পৃথক আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম।
পলকের স্ত্রী আরিফা জেসমিনের আবেদনে বলা হয়, প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পলক ও তার স্ত্রীর বিরুদ্ধে ২০২৪ সালের ১২ ডিসেম্বর মামলা করে দুদক।
সুষ্ঠু তদন্তের স্বার্থে ২০০৮-২০০৯ থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত জেসমিনের আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র বা তথ্য জব্দ করা একান্ত প্রয়োজন।
এছাড়া, সাবেক সংসদ সদস্য এনামুল হক ও তার স্ত্রী তহুরা হকের আয়কর নথি জব্দ করার আবেদনে বলা হয়, অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ২৯ এপ্রিল এনামুল হকের বিরুদ্ধে এবং ৩০ এপ্রিল তার স্ত্রী তহুরা হকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক।
সুষ্ঠু তদন্তের স্বার্থে ২০০৮-০৯ থেকে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত তাদের আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় মূল রেকর্ডপত্র জব্দ করা আবশ্যক।
জলিল উজ্জ্বল/এসজি/