দ্বাদশ জাতীয় সংসদের ৬২ জন স্বতন্ত্র এমপিকে সংসদে গঠনমূলক ভূমিকা রাখতে বলেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সংসদকে প্রাণবন্ত করতে এমন নির্দেশনা দিয়েছেন। তবে স্বতন্ত্র সংসদ সদস্যরা সংরক্ষিত আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের সমর্থন দেবেন।
রবিবার (২৮ জানুয়ারি) রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে স্বতন্ত্র সংসদ সদস্যদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।
বৈঠকে ৬২ জন সংসদ সদস্যদের মধ্যে ৫৯ জন উপস্থিত ছিলেন। এদের মধ্যে একজন বিএনপি থেকে ও আরেকজন জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত নেতা। সেখানেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র সংসদ সদস্যদের স্বতন্ত্র হিসেবেই ভূমিকা রাখতে বলেন।
৭ জানুয়ারি দ্বাদশ নির্বাচনের ভোটের পর দিন থেকে স্বতন্ত্র সংসদ সদস্যদের সংসদে কী ভূমিকায় দেখা যাবে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ছিল। রবিবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের মধ্যে দিয়ে স্বতন্ত্র সংসদ সদস্যদের ভূমিকার বিষয়টি স্পষ্ট হলো।
বৈঠকের একাধিক সূত্র জানায়, স্বতন্ত্র সংসদ সদস্যরা সংসদে আওয়ামী লীগের সঙ্গে কাজ করার আগ্রহের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানান। একাধিক সংসদ সদস্য প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগ করছি, দলের পদে আছি। আমরা আপনার সঙ্গে কাজ করার সুযোগ চাই।’
প্রধানমন্ত্রী স্বতন্ত্র সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আপনারা সবাই আমার। একদল আমার ডান হাত, অন্য দল বাম হাত। আপনারা সবাই আমার সঙ্গেই আছেন। আপনাদের সবাইকে নিয়ে কাজ করতে চাই।’
একাধিক সংসদ সদস্য জানান, বিএনপি থেকে বহিষ্কৃত ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য সৈয়দ এ কে একরামুজ্জামান এবং জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলমও প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার আগ্রহের কথা জানান। প্রধানমন্ত্রী তাদের কোনো সমস্যা হলে তা দেখবেন বলে আশ্বাস দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন এমন একাধিক সংসদ সদস্য জানান, প্রায় দুই ঘণ্টা ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্বতন্ত্র সংসদ সদস্যদের বৈঠক চলে। গণভবনে উপস্থিত হওয়া বেশির ভাগ সংসদ সদস্যই প্রধানমন্ত্রীর সামনে বক্তব্য রাখেন। কয়েকজন সংসদ সদস্য একাধিকবার কথা বলার সুযোগ পান।
কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন খবরের কাগজকে বলেন, ‘আমরা আওয়ামী লীগ করি, দলের পদে রয়েছি। ফলে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার আগ্রহ জানিয়েছি। তিনি বলেছেন সংসদকে প্রাণবন্ত করতে স্বতন্ত্র হিসেবে আমরা যেন ভূমিকা রাখি।’
একাধিক স্বতন্ত্র সংসদ সদস্য জানান, জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনের সঙ্গে বসে তাদের করণীয় ঠিক করতে বলা হয়েছে।
একাধিক স্বতন্ত্র সংসদ সদস্য তাদের বক্তব্যে নিজেদের এলাকায় নানা উন্নয়ন প্রকল্প গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রাখেন।
জাতীয় সংসদে ৬২ জন স্বতন্ত্র সংসদ সদস্য ১০টি সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন দিতে পারবেন। তবে আসনগুলোতে তারা নিজে প্রার্থী না দিয়ে আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেবেন। দলের সভাপতি শেখ হাসিনা যাদের মনোনয়ন দেবেন তাদেরই সমর্থন দেবেন স্বতন্ত্র সংসদ সদস্যরা।
পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ বলেন, ‘আমরা যে সংরক্ষিত নারী আসনগুলো পাব সেগুলোতে সিদ্ধান্ত দেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর হাতে ছেড়ে দিয়েছি।’
এমএ/