দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বুধবার (২৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক মো. আবু তাহের এ আদেশ দেন।
এ ছাড়া মামলার আসামি সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ হোসেন চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত। অপর চার আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়েছে।
যাদের বিচার শুরু হয়েছে তারা হলেন- সাবেক জ্বালানি ও খনিজ সম্পদ সচিব নজরুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক পরিচালক মঈনুল আহসান, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ও মো. সিরাজুল ইসলাম চৌধুরী।
এদিন আসামিদের পক্ষে অব্যাহতি চেয়ে মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ শুনানি করেন। দুদকের পক্ষ থেকে অভিযোগ গঠনের প্রার্থনা করা হয়। শুনানি শেষে আদালত খালেদা জিয়াসহ তিনজনকে অব্যাহতি ও চার জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-২ এ বিচারাধীন ছিল। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটি বিশেষ জজ আদালত-৩ এ বদলি করা হয়। খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।
বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলায় ১৩ আসামির মধ্যে মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর নেতা মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হয়েছে।
এ ছাড়া আসামি ব্যারিস্টার আমিনুল হক, সাবেক কৃষিমন্ত্রী এম কে আনোয়ার, সাবেক জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী এ কে এম মোশারফ হোসেন, সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম মারা গেছেন।
২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তার মন্ত্রিসভার সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এলিস/সাদিয়া নাহার/