বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বান্দরবান জেলা বিএনপির উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যা চিং।
এ সময় মিসেস মাম্যা চিং বলেন, ‘দীর্ঘ দেড় দশক ধরে ভোটাধিকার বঞ্চিত মানুষ ভোট দিয়ে নিজেদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। রাষ্ট্রের সার্বিক অবস্থা স্থিতিশীল রাখতে এবং জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দিতে অতিদ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া এখন সময়ের দাবি। এতে করে জনগণ নিজেদের ভোটাধিকার ফিরে পাবে। আর রাজনৈতিক ও নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনায় থাকলে দেশি-বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করা সহজ হবে।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমান বিদেশে থাকলেও বাংলাদেশের প্রতিটি মানুষের কথা ভাবেন। হিংসার রাজনীতি তারেক রহমান পছন্দ করেন না। আমরা তারেক রহমানের সৈনিক হিসেবে বিপদে-আপদে বান্দরবানের প্রতিটি মানুষের পাশে দাঁড়াবো।’
বিএনপি নেতা জাবেদ রেজা বলেন, ‘খুনি শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। হাসিনা দেশকে অস্থিতিশীল করতে চাইছে। দেশবাসী এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রস্তুত রয়েছে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন, বাংলাদেশ জাতীয়বাদী বৌদ্ধ ঐক্য ফ্রন্টের আহ্বায়ক লুসাই মং উপস্থিত ছিলেন।
তারেক রহমানের পক্ষ থেকে বান্দরবানের সাত উপজেলায় ১০ হাজার দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে বলে জানান বিএনপি নেতারা।
রিজভী/তাওফিক/