মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশে কোরআনের অনুশাসন নেই বলেই আছিয়াদের প্রতিনিয়ত ধর্ষণ ও জীবন দিতে হচ্ছে। তিনি ভিকটিম আছিয়ার মৃত্যুতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন এবং তাকে জান্নাতের আ’লা মাকাম দানের জন্য মহান আল্লাহ তা’য়ালার দরবার দোয়া করেন। এবং আছিয়ার শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
বৃহস্পতিবার (১৩ মার্চ) রাজধানীর মিরপুর স্কুল এন্ড কলেজ মাঠে মিরপুর পূর্ব থানা জামায়াত আয়োজিত স্থানীয় সুধীদের সম্মানে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, মানবরচিত মতবাদ দিয়ে দেশ শাসিত কারণে আমাদের সমাজ রাষ্ট্রে এতো অশান্তি। ফলে দেশ এখন অপরাধ ও অপরাধীদের রীতিমত অভয়ারণ্যে পরিণত হয়েছে। জামায়াতে ইসলামী এমন এক শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে চায় যেখানে মানুষ নিজেদের অধিকার নিয়ে সুখে-শান্তিতে বসবাস করবে। দেশে কোন দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, অপহরণ ও ধর্ষণসহ কোন অপরাধ থাকবে না।
তিনি বলেন, রাষ্ট্রই সব নাগরিকের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসাসহ সব মৌলিক ও মানবীয় অধিকারের নিশ্চয়তা প্রদান করবে। এমন একটি শান্তির সমাজ প্রতিষ্ঠার জন্য জীবনের সকল ক্ষেত্রে কুরআন-সুন্নাহর আদর্শ অনুসরণ করতে হবে। জামায়াতে ইসলামী কুরআনের আলোকে আলোকিত এক নতুন বাংলাদেশ গড়তে দেশ ও জাতির কাছে প্রতিশ্রতিবদ্ধ।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আল্লাহ তা’য়ালা আমাদেরকে মাহে রমজানের নিয়ামত দান করেছেন যাতে আমরা তাকওয়া অর্জন করে নিজেদের পরিশুদ্ধ করার মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জন করতে পারি। মূলত, সিয়াম আমাদেরকে সভ্য, সুন্দর ও গতিশীল করে তোলে। তাই মাহে রমজানের শিক্ষা জীবনের সকল ক্ষেত্রে কাজে লাগিয়ে নিজেদের মধ্যে তাক্বওয়ার গুণাবলী সৃষ্টি করতে হবে।
থানা আমীর শাহ আলম তুহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদীর পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য শাহাবুদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর আব্দুর রহমান মূসা, সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক প্রমুখ।
শফিকুল ইসলাম/এমএ/