‘আমরা ৯০ দিনের মধ্যে ধর্ষণের বিচার, রায় এবং তা কার্যকর দেখতে চাই। ৯১ দিন আমরা দেখতে চাই না। অনেকে বলেছেন এক সপ্তাহ। এ দেশের আইনে এক সপ্তাহে হবে না। আমরা এজন্য ৯০ দিন বলেছি।’
শনিবার (১৫ মার্চ) মাগুরায় আলোচিত ধর্ষণের শিকার হয়ে নিহত আট বছরের শিশু আছিয়ার কবর জিয়ারত শেষে দোয়া অনুষ্ঠানে বক্তৃতায় এসব কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি শনিবার সকাল ১০টায় শ্রীপুর উপজেলার সোনাইকুন্ডী গ্রামে জামিয়া উমর বিন খাত্তাব (রা.) গোরস্থানে দলীয় নেতা-কর্মীদের নিয়ে আছিয়ার কবর জিয়ারত করেন। এরপর ওই গ্রামে স্কুল মাঠে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন।
সেখানে বক্তব্যে জামায়াতে ইসলামী ৯০ দিনের ভিতরে বিচার, রায় এবং তা কার্যকর দেখতে চায় বলে তিনি জানান।
কবর জিয়ারত শেষে তিনি বলেন, আমাদের মেয়ে আছিয়াকে দুনিয়া থেকে পাশবিকভাবে বিদায় করেছে। আমরা এসেছি আছিয়ার কবর জিয়ারত করতে। তার পরিবারের পাশে দাঁড়াতে। মা-বাবাকে সহানুভূতি জানাতে। আমরা মূলত ওই পরিবারের দোয়া নিতে এসেছি, তাদেরকে সান্তনা দিতে এসেছি। তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে এসেছি। এবং তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা বুঝতে এসেছি। আপনাদের প্রতি আমাদের অনুরোধ শুধু আছিয়া নয়, আছিয়ার ব্যাপারটা তো অবশ্যই, এর পাশাপাশি এ ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসেবে তুলে ধরবেন। যাতে ওদের শাস্তি নিশ্চিত হয়। সমাজ ওদেরকে ঘৃণা করে। সমাজ ওদেরকে বয়কট করে।
জামায়াতের আমির বলেন, আমরা এটাই আপনাদের কাছে প্রত্যাশা করি। আর এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা দ্রুত দেখতে চাই। এবং বিচার কার্যকর হয়েছে সেটাও আমরা দেখতে চাই। তাহলে এই পরিবার হয়তো একটু মানসিক সান্তনা পাবে। দেশবাসী মানসিক সান্তনা পাবে। এরকম যারা লম্পট তারা এখান থেকে ভবিষ্যতে শিক্ষা নিয়ে সতর্ক হবে।
জেলা জামায়াতের আমির অধ্যাপক এমবি বাকেরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন।
এর পর তিনি আছিয়াদের বাড়ি জারিয়া গ্রামে তার পরিবারের সঙ্গে দেখা করে সহায়তার পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস দেন।
কাশেমুর রহমান/অমিয়/