ঢাকা ১৮ আষাঢ় ১৪৩৩, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

সর্বশেষ
টরন্টোয় পর্তুগাল-ক্রোয়েশিয়ার আগুন লড়াই ২ জুলাই  ২০২৬ তারিখের নামাজের সময়সূচি আর্লিং নয়, ব্রাউট হালান্ড ’৯৮-এর বন্ধন ফিরেছে ’২৬-এ শেষ মুহূর্তের নাটকীয়তায় সেনেগালকে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম ৩ মিনিটে দুই গোল শোধ, অতিরিক্ত সময়ে গড়াল বেলজিয়াম-সেনেগাল ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে সেনেগাল কোর্তোয়াকে পরাস্ত করে বেলজিয়ামের জালে সেনেগালের গোল লিটন-তাসকিনকে ছাড়াই বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা, অধিনায়ক হৃদয় বিশ্বকাপে পেলের রেকর্ড ভাঙলেন হ্যারি কেইন শেষ ষোলোয় মেক্সিকোর মুখোমুখি ইংল্যান্ড, ম্যাচ কবে? জোড়া গোল করে ইংল্যান্ডকে শেষ ষোলোয় তুললেন হ্যারি কেইন ইংল্যান্ডের সামনে ৬০ বছরের দুঃস্বপ্ন সোনারগাঁয় সেতুর নিচের ময়লার ভাগাড়, অতিষ্ট জনজীবন এমপাসির সেভে স্তব্ধ ইংল্যান্ড, প্রথমার্ধে এগিয়ে ডিআর কঙ্গো ইবির আইসিটি বিভাগে প্রভাষক নিয়োগে অনিয়মের অভিযোগ বর্ষার আগেই ডেঙ্গুর অশনিসংকেত: বাড়ছে রোগী, ভয়াবহতার আশঙ্কা বিশেষজ্ঞদের শুভেন্দু অধিকারীকে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ সপ্তম মিনিটেই ইংল্যান্ডের জালে কঙ্গোর গোল টঙ্গীতে অস্ত্র নিয়ে মোটরসাইকেল মহড়া, গ্রেপ্তার ৩ নকআউটে ডিআর কঙ্গোর মুখোমুখি ইংল্যান্ড, একাদশে কারা? ঢাকার ৪ বাস টার্মিনাল স্থানান্তরে সম্ভাব্য স্থান পরিদর্শন উদ্ধারে ধীরগতি, ভেনেজুয়েলায় গভীর মানবিক বিপর্যয় জন্মহার বাড়াতে মা-বাবার জন্য অতিরিক্ত ছুটি চালু করল ফ্রান্স ভুয়া ইঞ্জিনিয়ার সেজে মোবাইল টাওয়ারে ডাকাতির ছক, গ্রেপ্তার ৪ টেকনাফে জেলের জালে মিলল ৫ কোটি ১০ লাখ টাকা মূল্যের ইয়াবা ইরানের সঙ্গে ‘খুব ভালো’ আলোচনা হয়েছে : ট্রাম্প চট্টগ্রাম কাস্টম হাউসের রাজস্ব আদায় ৮১৪৭১ কোটি টাকা, প্রবৃদ্ধি ১২.৩৭ শতাংশ আখাউড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ জয়পুরহাটে প্রায় ৫৩ লাখ টাকা মূল্যের যৌন উত্তেজক সিরাপ ধ্বংস

উচ্চশিক্ষা কতটা বাস্তবমুখী

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম
উচ্চশিক্ষা কতটা বাস্তবমুখী

শিক্ষা ও তরুণ প্রজন্ম বহুল উচ্চারিত এবং আলোচিত শব্দ। যেকোনো সময়ের তুলনায় বর্তমান তরুণকে প্রজন্ম সক্রিয়, প্রতিবাদমুখর, উদ্যমী ইত্যাদি বিশেষণে বিশেষায়িত করা যায়। তবে তাদের উচ্চশিক্ষা কতটা বাস্তবমুখী সে নিয়ে সন্দেহের অবকাশ থেকেই যায়। বিশ্ববিদ্যালয়গুলো বরাবরই ব্যর্থ তাদের পাঠ্যক্রম প্রণয়নের ক্ষেত্রে, একই সঙ্গে ব্যর্থ শিক্ষা সংশ্লিষ্ট নীতিনির্ধারকরা। আমাদের শিক্ষাক্রম চালু হয়েছিল ব্রিটিশ সরকারের সাহায্যেই পূর্ববঙ্গ স্কুল টেক্সটবুক কমিটির তত্ত্বাবধানে, যা ছিল সম্পূর্ণ পরীক্ষানির্ভর। পরবর্তী সময়ে সংস্কার ও সংশোধনী নিয়ে আসলেও কাজের কাজ কিছুই হয়নি। বর্তমানে যে পাঠ্যক্রম মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ে চালু রয়েছে তা সম্পূর্ণ পরীক্ষানির্ভর; এখানে কর্মমুখী ও বাস্তবমুখী শিক্ষাকে উপেক্ষা করা হয়েছে। এই কারণে দেশে শিক্ষিত বেকারত্বের হার বাড়ছে। সর্বশেষ প্রকাশিত শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে বেকারের সংখ্যা ৬২ লাখ ৫৭ হাজার। এর মধ্যে শিক্ষিত বেকার ৫৪ লাখ ১৭ হাজার। মোট বেকারের ৮৬ দশমিক ৫৮ শতাংশ শিক্ষিত বেকার! এর মাঝে ২১ ভাগ স্নাতক ও স্নাতকোত্তর পাস। দক্ষতা বাড়ানোর পরিবর্তে চাকরিতে নিয়োগ দেওয়ার সময় যে গৎবাঁধা বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান মুখস্থের প্রতিযোগিতা চলে তা অবশ্যই দৃষ্টিকটু। আমাদের এ ধরনের চর্চা থেকে বেরিয়ে আসা উচিত। শিক্ষাক্রম নিয়ে অনেকেই চিন্তাভাবনা করলেও সেটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শিক্ষাক্রম বাস্তবসম্মত না হওয়ার পেছনে মূলত সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়নের অভাব দায়ী, যেখানে নীতিনির্ধারক, শিক্ষাব্যবস্থা, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে সমন্বয় ও প্রস্তুতির অভাব ছিল। বিশেষ করে, নতুন শিক্ষাক্রমের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ, অবকাঠামো এবং পর্যাপ্ত প্রস্তুতির অভাব ও পরিবর্তনটি বাস্তবায়নের জন্য শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সঠিক পরামর্শের অভাব গুরুত্বপূর্ণ কারণগুলোর মাঝে অন্যতম। তরুণ প্রজন্ম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচিত পরীক্ষামুখী না হয়ে বাস্তবমুখী ও কর্মমুখী শিক্ষার ওপর জোর দেওয়া। 

আব্দুল্লাহ আল নোমান
আইন ও ভূমি প্রশাসন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
[email protected]

রাস্তার সংস্কার চাই

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:৩৬ পিএম
রাস্তার সংস্কার চাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৫ নম্বর ওয়ার্ডের সরকারি কলেজসংলগ্ন রাস্তাটি বর্তমানে বেহাল। এ রাস্তা দিয়ে এলাকার শতাধিক মানুষ হাসপাতালে, বাজারে এবং শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। দুঃখজনক হলেও সত্য যে, রাস্তাটি ভেঙেচুরে গেছে এবং দীর্ঘদিন ধরে যাতায়াতের অযোগ্য হয়ে উঠেছে। রাস্তাটির দুই পাশে ল্যাম্প লাইটের ব্যবহার থাকলেও তার অধিকাংশ লাইট আজ নষ্ট, ফলে এ রাস্তায় রাতে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। রাস্তাটি এখন স্বস্তির পরিবর্তে এলাকাবাসীর জন্য ভোগান্তির কারণ। সুতরাং, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করছি, রাস্তাটি সংস্কারে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন।

উম্মে সাদিয়া জাহান নিশা
শিক্ষার্থী, আরবি ভাষা ও সাহিত্য, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া
[email protected]

রাবি ক্যাম্পাসে স্বাস্থ্যকর খাবারের স্বল্পতা

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০৫:৩২ পিএম
রাবি ক্যাম্পাসে স্বাস্থ্যকর খাবারের স্বল্পতা

রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অন্যতম বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে প্রতিদিন হাজারো শিক্ষার্থী পড়াশোনা, গবেষণা এবং বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের জন্য স্বাস্থ্যকর খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাবি ক্যাম্পাসে স্বাস্থ্যকর খাবারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। ক্যাম্পাসের অধিকাংশ খাবারের দোকান ও ক্যান্টিনে ভাজাপোড়া, তেলযুক্ত এবং ফাস্টফুড জাতীয় খাবারের আধিক্য দেখা যায়। তুলনামূলকভাবে পুষ্টিকর ও সুষম খাবার যেমন-তাজা ফল, সবজি, কম তেলযুক্ত খাবার বা স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা সীমিত। এ ছাড়া অনেক সময় খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়েও প্রশ্ন ওঠে। শিক্ষার্থীরা ব্যস্ততার কারণে সহজলভ্য খাবারের ওপর নির্ভরশীল হয়ে পড়ে, যা দীর্ঘমেয়াদে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্বাস্থ্যকর খাবারের স্বল্পতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতার ওপর প্রভাব ফেলতে পারে। তাই একটি সুস্থ শিক্ষাবান্ধব পরিবেশ তৈরির জন্য রাবি ক্যাম্পাসে স্বাস্থ্যকর খাবারের সহজলভ্যতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। স্বাস্থ্যকর ও সাশ্রয়ী মূল্যের খাবার সরবরাহ নিশ্চিত করা, ক্যান্টিনগুলোর খাবারের মান নিয়মিত তদারকি করা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করা জরুরি।

হুমায়রা কবির হেমা
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
[email protected]

আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৬:৩৪ পিএম
আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা

১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬-২৭ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের কার্যক্রম। এনবিআর রিটার্ন দাখিলের সময়কালকে এবার চারটি ধাপে ভাগ করে দিয়েছে। সময়কাল-সংক্রান্ত সারণি দেখে যা বোঝা যায় তা সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করছি:

প্রথম ধাপে অর্থাৎ ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে যারা রিটার্ন দাখিল করবেন আয়কর আইনের ধারা ১৭৩-এর উপ-ধারা (২) মোতাবেক তারা পরিশোধযোগ্য করের ৫ শতাংশ অথবা ২৫ হাজার টাকা–এ দুটির মধ্যে যেটা কম হবে, সেই পরিমাণ টাকা কর প্রণোদনা বা ছাড় পাবেন। দ্রুত রিটার্ন সাবমিটের জন্য এ তিন মাসকে আমরা প্রণোদনাকালীন সময়সীমা বলতে পারি।

দ্বিতীয় ধাপে অর্থাৎ ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে যারা রিটার্ন দাখিল করবেন তারা বাড়তি কোনো প্রণোদনা পাবেন না, আবার তাদের অতিরিক্ত কোনো জরিমানারও দিতে হবে না। এই তিন মাসকে আমরা নিয়মিত বা স্বাভাবিক সময়সীমা বলতে পারি।

স্পষ্টভাবে বলা যায়, সময়ের বাধ্যবাধকতা না থাকায় যে কোনো মুহূর্তে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করা যাবে পুরো করবর্ষজুড়ে। তবে আগেভাগে রিটার্ন দাখিল করলে একদিকে যেমন করদাতা প্রণোদনা পাবে অন্যদিকে তেমনি নেটওয়ার্কজনিত সমস্যার সম্মুখীন হতে হবে না বলে প্রত্যাশা সবার।

পলাশ কুণ্ডু
আয়কর আইনজীবী, এনবিআর তালিকাভুক্ত 
সদস্য, নীলফামারী ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন 
[email protected]

শৈশবের সেই প্রথম মিছিল

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৬:১৪ পিএম
শৈশবের সেই প্রথম মিছিল

১৯৫৮ সাল। তখন আমি প্রাইমারি স্কুলের প্রথম শ্রেণির এক ছোট্ট বালক। বয়স সবে সাত ছুঁই ছুঁই। চারদিকের রাজনৈতিক পরিস্থিতি তখন থমথমে। পাকিস্তানের সেনাপ্রধান আইয়ুব খান সামরিক শাসন জারি করে গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং তার দলের রাজনীতির ওপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। পরাধীনতার শৃঙ্খলে তখন পিষ্ট হচ্ছিল আমাদের প্রিয় মাতৃভূমি।

এমনই এক চরম দুঃসময়ে পিরোজপুরের রাজপথে নেমে এসেছিল ছাত্রদের ঢল। আইয়ুব সরকারের এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয় ছাত্রনেতারা এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলেন। কিন্তু সেদিনের সেই প্রতিবাদী মিছিলে সবাইকে অবাক করে দিয়ে আমাকে রাখা হয়েছিল একেবারে সম্মুখে, প্রথম কাতারে। কেন আমাকে একেবারে সামনে দেওয়া হয়েছিল? কারণ, তখন নাকি আমি দেখতে অসাধারণ সুদর্শন ছিলাম। কচি মুখের সেই নিষ্পাপ সৌন্দর্য আর চোখের দীপ্তি দেখে তৎকালীন ছাত্রনেতাদের মনে হয়েছিল–এই ছোট্ট শিশুই যেন নিপীড়িত মানুষের প্রতিবাদের সবচেয়ে বড় প্রতীক!

আজ এত বছর পর পেছনে ফিরে তাকালে মনে হয়, সেদিন পিরোজপুরের রাজপথে শুধু একজন প্রথম শ্রেণির ছাত্র হাঁটেনি, হেঁটেছিল গণতন্ত্রের প্রতি এক অকৃত্রিম ভালোবাসা। ছোটবেলার সেই দিনটিই আমার ভেতরে বুনে দিয়েছিল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রথম বীজ। সেই ছোট্ট বয়সে না বুঝেই স্বৈরাচারবিরোধী যে মিছিলে হেঁটেছিলাম, জীবনের প্রতিটি বাঁকে সেটাই আমার সবচেয়ে বড় শক্তির উৎস হয়ে আছে। শৈশবের সেই মিছিল, সেই স্লোগান আর পিরোজপুরের ধুলোমাখা রাজপথ আজও আমার হৃদয়ে এক জ্বলন্ত ইতিহাস হয়ে জ্বলজ্বল করছে।

লিয়াকত হোসেন খোকন 
রূপনগর, ঢাকা
[email protected]

কালিমার পতাকা নিয়ে বিতর্ক ও আমাদের উদ্বেগ

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ০৬:২২ পিএম
কালিমার পতাকা নিয়ে বিতর্ক ও আমাদের উদ্বেগ

সম্প্রতি বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ব্রাজিল, আর্জেন্টিনা ও অন্যান্য দেশের পতাকা টাঙানোর পাশাপাশি কালিমাখচিত সাদা-কালো পতাকা টাঙানোর ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের রেলিংয়ে এমন পতাকা টাঙানো এবং পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তা অপসারণের খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলায় এসব পতাকা নিয়ে মিছিলের ঘটনাও দেখা গেছে। কালিমা মুসলমানদের ঈমানের মূল ঘোষণা এবং ধর্মীয়ভাবে অত্যন্ত সম্মানিত। তবে বাস্তবতা হলো, অতীতে আইএস, আল-কায়েদা ও অন্যান্য উগ্রবাদী সংগঠনও কালিমাখচিত সাদা-কালো পতাকা ব্যবহার করেছে। ফলে সাধারণ মানুষের মধ্যে এ ধরনের পতাকার রাজনৈতিক বা আদর্শিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ও উদ্বেগ তৈরি হওয়া স্বাভাবিক।

ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান রেখেই বলতে হয়, কোনো প্রতীক ব্যবহার করে বিভ্রান্তি, বিভাজন বা উগ্র মতাদর্শের প্রচার যেন না ঘটে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। রাষ্ট্র, আলেম সমাজ, নাগরিক সমাজ ও রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব হলো এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া এবং তরুণদের বিভ্রান্তি থেকে দূরে রাখা। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহনশীলতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। তাই এমন কোনো কর্মকাণ্ড যাতে দেশকে পুনরায় উগ্রবাদ বা জঙ্গিবাদের ঝুঁকির দিকে ঠেলে না দেয়, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন।

খান ইয়ামিন
আহ্বায়ক, আলেয়া সুলতানা স্মৃতি পাঠাগার
২ নম্বর হাবেলী গোপালপুর, মুজিব সড়ক, সদর, ফরিদপুর
[email protected]