রাসুল (সা.)-এর যুগ এবং সাহাবিদের সময়ে দাম্পত্য সম্পর্ক ছিল ভালোবাসা, ত্যাগ ও পারস্পরিক সম্মানের এক অনন্য প্রতিচ্ছবি। সেই সময়ের নারীরা স্বামীর সন্তুষ্টি বিধানে কতটা সচেষ্ট ছিলেন, তার কিছু ঘটনা থেকে আমরা বর্তমানের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা পেতে পারি। তাদের কাছে স্বামীর সামান্য অসন্তুষ্টি ছিল গভীর মনোকষ্টের কারণ। স্বামীর অবহেলা বা উদাসীনতা সত্ত্বেও তারা নিজেদের চেষ্টা অব্যাহত রাখতেন।
আয়শা (রা.)-এর ভালোবাসা
একবার হজরত আয়েশা (রা.) তাঁর হাতে একটি রুপার আংটি পরেছিলেন। এটি দেখে রাসুল (সা.) কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, ‘কী ব্যাপার, আংটি কেন?’ হজরত আয়েশা (রা.)-এর সরল ও অকপট উত্তর ছিল, ‘দেখে আপনার ভালো লাগবে, তাই পরেছি।’ এই ছোট্ট ঘটনাটি একজন স্ত্রীর অন্তরের গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। এখানে কোনো চাপ বা বাধ্যবাধকতা ছিল না, ছিল কেবল স্বামীর আনন্দ ও সন্তুষ্টির জন্য স্বতঃস্ফূর্ত চেষ্টা। এই ঘটনা আমাদের শেখায় যে, ভালোবাসার ছোট ছোট প্রকাশগুলোই একটি সম্পর্ককে আরও গভীর করে তোলে।
খাওলা (রা.)-এর ত্যাগ ও আনুগত্য
হজরত খাওলা (রা.)-এর ঘটনাটি আরও মর্মস্পর্শী। তিনি একদিন হজরত আয়েশা (রা.)-এর কাছে এসে একান্তভাবে তার কষ্টের কথা জানালেন। তিনি বললেন, ‘আমি প্রতিদিন রাতে সেজেগুজে আমার স্বামীর জন্য যেন নববধূ হয়ে বসে থাকি। তাকে আনন্দ দেওয়ার জন্য নানাভাবে চেষ্টা করি— আমি এসবই করি আল্লাহর সন্তুষ্টির জন্য। কিন্তু তিনি আমার দিকে ফিরেও তাকান না।’ আয়েশা (রা.) যখন এই ঘটনা রাসুল (সা.)-কে জানালেন, তখন তিনি হজরত খাওলা (রা.)-কে একটি মূল্যবান পরামর্শ দিলেন। তিনি বললেন, ‘তাকে বলো, সে যেন তার স্বামীর আনুগত্য করে যেতে থাকে।’
এই পরামর্শের তাৎপর্য অনেক গভীর। রাসুল (সা.) খাওলাকে তার কষ্ট বা হতাশা প্রকাশ করতে উৎসাহিত করেননি, বরং তাকে স্বামীর আনুগত্য বজায় রাখার কথা বলেছেন। এর কারণ হলো, পারিবারিক সম্পর্ক কোনো বাণিজ্যিক লেনদেন নয়, যেখানে প্রতিদানের আশায় কাজ করা হয়। এটি ভালোবাসার এক অনন্য ইবাদত, যেখানে আল্লাহর সন্তুষ্টিই প্রধান লক্ষ্য। হজরত খাওলা (রা.)-এর এই নীরব ত্যাগ এবং স্বামীর অবহেলা সত্ত্বেও তার আনুগত্যের চেষ্টা, একজন স্ত্রীর জন্য সর্বোচ্চ আদর্শ।
বর্তমান সমাজের জন্য শিক্ষা
আজকের সমাজে আমরা প্রায়ই দেখি, সামান্য উপেক্ষা বা মতানৈক্যের কারণে সম্পর্ক ভেঙে যায়। আমরা ভুলে যাই যে, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য শুধু অধিকার নয়, দায়িত্ব ও ত্যাগও অপরিহার্য। নবি এবং সাহাবিদের সময়ের নারীরা আমাদের শিখিয়ে গেছেন যে, দাম্পত্য জীবনের মূল ভিত্তি হলো পারস্পরিক সম্মান এবং আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ স্বীকার করা। তাদের এই উদাহরণগুলো আমাদের পারিবারিক জীবনে ভালোবাসা, ধৈর্য এবং আনুগত্যের গুরুত্ব তুলে ধরে।
লেখক: আলেম ও সাংবাদিক