চাঁদপুরের শাহরাস্তিতে সরকার বিরোধী লিফলেট বিতরণকালে ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। লিফলেট বিতরণকারীরা ছাত্রলীগের হয়ে কাজ করছেন দাবি সমন্বয়কদের।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টায় উপজেলার মেহের কালিবাড়ী বাজারে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, ওই সময় ইনসানিয়াত বিপ্লব চাঁদপুর জেলা শাখার উদ্যোগে উপজেলার মেহের কালিবাড়িতে লিফলেট বিতরণ করছিল একদল যুবক। তারা ছাত্রলীগের হয়ে সরকার বিরোধী প্রপাগাণ্ডা চালাচ্ছে খবর ছড়িয়ে পড়লে শাহরাস্তি উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত হয়ে তাদের আটক করে পুলিশকে খবর দেয়। পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
আটকরা হলেন- হাজীগঞ্জ উপজেলার কংশাই গ্রামের মাহমুদুল হাসান নয়ন (৩০), একই উপজেলার প্রফেসর পাড়ার মেহেদী হাসান সৈকত (২৭), দক্ষিণ বড়কুল গ্রামের মনোয়ার হোসেন (২৬), টোরাগড় গ্রামের সিহাব হোসেন (২০), শাহরাস্তি উপজেলার শোরসাক গ্রামের মেহেদী হাসান (১৮), নোয়াখালী জেলার চাটখিল উপজেলা পরকুট গ্রামের আব্দুল্লাহ আল মামুন (২৬), কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার মুকসাইব গ্রামের হাসাইন মোহাম্মদ জিহাদ (২২)।
উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. আবু হানিফ জানান, তারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বি-টিম হিসেবে মাঠে নেমেছে। সরকার বিরোধী লিফলেট বিতরণ করার সময় আমরা তাদেরকে আটক করি।
আরেক সমন্বয়ক আকতার হোসেন শিহাব জানান, তারা বিগত অবৈধ সরকারের সময় নিবন্ধন পেয়েছে এবং নির্বাচনে অংশ নিয়েছে। এছাড়াও সমন্বয়ক শাহাদাত হোসেন, আব্দুর রহমান আরজু, আতাউর রহমান, আবু হায়দার, জহির হোসেন আটকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক (এস আই) আল আমিন ভুঁইয়া জানান, সরকার বিরোধী লিফলেট বিতরণকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা তাদের আটক করে। আমরা ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ফয়েজ আহমেদ ফয়েজ/মাহফুজ