গাজীপুরের শ্রীপুরে বেশি বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথের ভেতর একটি কক্ষে কারখানা শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে বুথটির নিরাপত্তাপ্রহরীর বিরুদ্ধে। পুলিশ ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
রবিবার (১৫ জুন) সকালে উপজেলার মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় তালহা স্পিনিং মিল সংলগ্ন ডাচ্-বাংলা ব্যাংকের এটিএম বুথে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মো. লিটন ময়মনসিংহের পাগলা থানার ডুবাইল গ্রামের বাসিন্দা। তিনি মুলাইদ গ্রামে ভাড়ায় থেকে ফাস্ট সলিউশন লিমিটেড নামের একটি নিরাপত্তা সংস্থার কর্মী হিসেবে এই বুথে দায়িত্ব পালন করছেন।
থানায় করা লিখিত অভিযোগে জানা গেছে, এটিএম বুথ থেকে টাকা উত্তোলনের সূত্র ধরে ভিকটিমের সঙ্গে পরিচয় হয় লিটনের। ভিকটিম স্থানীয় একটি কারখানায় ছয় হাজার টাকা বেতনে চাকরি করেন। তালহা স্পিনিং মিলে ১২ হাজার টাকা বেতনের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লিটন ভিকটিমের বাবার মোবাইল ফোনে সকাল ৬টায় ডেকে নেয়। বুথে যাওয়ার পর কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তা আসবেন এই বলে লিটন মেয়েকে বুথের ভেতরে থাকা ছোট্ট একটি কক্ষে নিয়ে বসান। পরে ভিকটিমের বাবা দুইবার মেয়ের চাকুরির বিষয়ে জিজ্ঞেস করলে অভিযুক্ত লিটন চিন্তা না করতে বলে বাড়িতে পাঠিয়ে দেয়। পরে আনুমানিক সকাল ১০টার দিকে তাকে ধর্ষণ করেন।
ফাস্ট সলিউশন লিমিটেডের বক্তব্য জানতে প্রতিষ্ঠানটির সুপারভাইজার মো. হানিফের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আবদুল বারিক জানান, ঘটনার পরপরই ভিকটিমের বাবা থানায় লিখিত অভিযোগ দিলে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। আসামি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি। গ্রেপ্তারে অভিযান চলছে।
পলাশ প্রধান/অমিয়/