এইচএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে ৭৪ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। গত বছর এইচএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডের পাসের হার ছিল ৭৯ দশমিক শূন্য ৮ শতাংশ। সেই সঙ্গে ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করেননি।
রবিবার (২৬ নভেম্বর) বেলা ৩টায় দিনাজপুর শিক্ষা বোর্ড মিলনায়তনে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে ছাত্রদের চেয়ে এগিয়ে ছাত্রীরা। মোট ৬ হাজার ৪৫৯ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ৩ হাজার ৩৯৪ ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। ছাত্রদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৬৫ জন। ছাত্রীদের পাসের হার ৭৮ দশমিক ৩৬ এবং ছাত্রদের পাসের হার ৭০ দশমিক ৪৫ শতাংশ।
ফলাফলের বিপর্যয় এসেছে ব্যবসায় শাখা বিভাগে। এ বিভাগে পাসের হার মাত্র ৫৮ দশমিক ৪১ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৭৮ দশমিক ৯ শতাংশ এবং মানবিক বিভাগে ৭৫ দশমিক ৪৭ শতাংশ। দিনাজপুর বোর্ড থেকে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৪৫৯ জন।
চলতি বছর দিনাজপুর বোর্ড থেকে ১ লাখ ১২ হাজার ২৬৮ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ১০ হাজার ৮৭৬ জন। পাস করেছেন ৮২ হাজার ৫৭৯ জন পরীক্ষার্থী।
এআর