এসএসসি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে হবে। তাদের পাঠ্যবই বুঝে পড়তে হবে। পুরো বই আত্মস্থ করতে হবে। চিন্তার জগতে পুরো বই রাখতে হবে।
শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে বিষয়ভিত্তিক বেশি বেশি আলোচনা করতে হবে। কেননা এখন শুধু মুখস্থ বিদ্যায় ভালো ফলাফল হয় না। সৃজনশীল পদ্ধতি মানেই আলোচনা। পরীক্ষার আগের রাতে শুধু পঠিত পড়াগুলো রিভিশন দেবে।
ভালো ফলাফল করতে হলে সব বিষয়ে সমান গুরুত্ব দিতে হবে। দুয়েকটি বিষয়ে গুরুত্ব কম দিলে সার্বিক ফলাফলে প্রভাব পরতে পারে।
পরীক্ষার আগের দিন রাত জেগে বেশি লেখাপড়া করবে না। বছরব্যাপী পরিকল্পনামাফিক লেখাপড়া করলে তোমাদের সমস্যা হবে না।
জ্যামিতির চিত্রগুলো যথাযথভাবে আঁকবে। পাশাপাশি গণিতের অঙ্কগুলো নিয়মিত অনুশীলন করবে।
মেধাবী শিক্ষার্থীরা রুটিনমাফিক পড়াশোনা করবে। এরপরও অনেক পরীক্ষার্থী পরীক্ষার আগে টেনশন বেশি করে। ফলে তারা জানা প্রশ্নের উত্তরও লিখতে পারে না। এজন্য শিক্ষার্থীদের চাপমুক্ত থাকতে হবে। অভিভাবকদের এ সময় সন্তানের লেখাপড়ার বিষয়ে খোঁজখবর নিতে হবে। সন্তানের দুর্বলতা চিহ্নিত করে সে মোতাবেক লেখাপড়ায় তাদের সহায়তা করতে হবে। শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের উদার হতে হবে। শ্রেণি শিক্ষকদের সঙ্গে পরামর্শ করতে হবে।
অনুলিখন: নিজস্ব প্রতিবেদক, যশোর
লেখক: পরীক্ষানিয়ন্ত্রক
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
জাহ্নবী