পরীক্ষার আগের রাতে বেশিক্ষণ জেগে লেখাপড়া করবে না। মনের ওপর বাড়তি চাপ রাখবে না। বছরব্যাপী পরিকল্পনামাফিক লেখাপড়া করলে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। পরীক্ষার আগে প্রতিটি বিষয় সমান গুরুত্ব দিয়ে পড়বে। তাহলে সব বিষয়ে ভালো ফলাফল করতে পারবে।
সৃজনশীল পদ্ধতি মানেই পাঠ্যবইয়ের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা। যে যত বেশি পাঠ্যবই মস্তিষ্কে ধারণ করতে পারবে, সে তত ভালোভাবে খাতায় প্রশ্নের উত্তর উপস্থাপন করতে পারবে।
প্রবেশপত্রসহ পরীক্ষার সরঞ্জাম ঠিকমতো নিয়ে কেন্দ্রে প্রবেশ করবে। খাতা পাওয়ার পর প্রথমেই রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, অতিরিক্ত খাতার নম্বরসহ সব ঠিকমতো পূরণ করতে হবে।
প্রশ্নপত্র হাতে পেয়ে পুরো প্রশ্নপত্র পড়ে উত্তর লেখা শুরু করবে। বিকল্প প্রশ্নের দিকে খেয়াল রাখবে। পছন্দমতো প্রশ্নের উত্তর আগে লিখবে। হাতের লেখা অবশ্যই পরিচ্ছন্ন হতে হবে। যাতে পরীক্ষকরা পাঠ উদ্ধার করতে পারেন। বিশেষ করে শ্রেণিকক্ষে দায়িত্বরত শিক্ষকদের নির্দেশনা মেনে চলবে। উত্তর লেখার ক্ষেত্রে সময়ের দিকে গুরুত্ব দেবে। অভিভাবকরা এ সময় শিক্ষার্থীদের ওপর চাপাচাপি না করে মানসিকভাবে সহযোগিতা করবেন। তুমি পারবে- এ কথা বলে সন্তানদের উৎসাহিত করবেন।
লেখক: প্রফেসর আহসান হাবিব
চেয়ারম্যান
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর
অনুলিখন: এইচ আর তুহিন, যশোর
জাহ্নবী