যুক্তরাজ্যে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীকে স্কটল্যান্ডে গ্লাসগোর গুরুদুয়ারায় প্রবেশ করতে দেয়নি শিখ প্রতিবাদকারীরা।
ভারতীয় হাইকমিশনারকে সম্প্রদায় এবং কনসুলার সমস্যা নিয়ে আলোচনার জন্য ওই উপাসনালয়ে আমন্ত্রণ জানানো হয়েছিলো কিন্তু শুক্রবার গুরুদুয়ারায় প্রবেশের সময় কিছু নেতাকর্মীর বাঁধার মুখে ফিরে আসতে হয় তাকে।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে, গ্লাসগোর অ্যালবার্ট ড্রাইভে গুরুদুয়ারার বাইরে হাইকমিশনারের গাড়ি পৌঁছালে তিন ব্যক্তি এগিয়ে আসেন। তাদের মধ্যে এক প্রতিবাদকারী গাড়ির দরজা খোলার চেষ্টা করেন। সে সময় হাইকমিশনার গাড়ির পেছনের আসনেই ছিলেন।
অন্য এক প্রতিবাদকারীকে এ সময় বলতে শোনা যায়, ‘আমার মনে হয় আপনি চলে গেলেই ভালো হবে।’ বিবিসির প্রতিবেদন বলছে, এরপর দোরাইস্বামীকে তাড়িয়ে দেওয়া হয়।
ন্যাশনাল শিখ ইয়ুথ ফাউন্ডেশন নামের একটি দল পরে এক বিবৃতিতে জানায়, উপাসনালয়ে প্রবেশের ক্ষেত্রে ভারতীয় কর্মকর্তাদের উপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ছিল। ওই তিন প্রতিবাদকারী সেটাই বজায় রেখেছেন।
ঘটনার একটি বিবরণও দেওয়া হয়েছে সে বিবৃতিতে। প্রতিবাদকারীদের বয়ানে বলা হয়েছে, ‘আমরা তাদের প্রবেশ রোধ করতে এবং কয়েকটা প্রশ্ন করতে গিয়েছিলাম, তারা গাড়ি পার্কিংয়ের জায়গা থেকে খুব দ্রুত চলে যায়।’
তবে, প্রতিবাদকারীরা আকস্মিক হামলা চালানোর কথা অস্বীকার করেছেন।
প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসে কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় আততায়ীর গুলিতে প্রাণ হারান খালিস্তানি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হরদিপ সিং নিজ্জা। পরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, ওই হত্যাকাণ্ডের সঙ্গে ভারতীয় গোয়েন্দাদের সংশ্লিষ্টতা থাকতে পারে। ভারতের পক্ষ থেকে সে দাবি প্রত্যাখ্যান করা হয়। এর পরপরই সম্পর্কের অবনতি হয় দুই দেশের। সূত্র: বিবিসি