বাংলাদেশের সরকার পতনের পেছনে ‘মার্কিন ডিপ স্টেটের ভূমিকা ছিল না’ বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ওয়াশিংটনের হোয়াইট হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
যদিও ট্রাম্প-মোদির বৈঠকের বেশিরভাগ জুড়েই ছিল মার্কিন বাণিজ্য যুদ্ধে ভারতের সঙ্গে বোঝাপড়ার বিষয়। তবে শেষের দিকে ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নে উঠে আসে বাংলাদেশ প্রসঙ্গ।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন ব্যবসায়ী জর্জ সরসের ছেলে অ্যালেক্সের ঘনিষ্ঠতা দেখিয়ে আওয়ামী লীগ সরকার পতনের পেছনে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিষয়টি ইঙ্গিত করেন ওই সাংবাদিক।
যা উড়িয়ে দিয়ে ট্রাম্প বলেন, ‘আমাদের ডিপ স্টেট এই ঘটনায় কোনো ভূমিকা পালন করেনি।’
তবে ভারত দীর্ঘদিন এই অঞ্চলের ভূরাজনীতিতে সরাসরি জড়িত থাকায় বাংলাদেশ ইস্যুতে করা প্রশ্নের উত্তর দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আহ্বান জানান ট্রাম্প।
মোদি সরাসরি উত্তর না দিলেও প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশে ‘শান্তি, স্থিতি, গণতন্ত্র, প্রগতি ও সমৃদ্ধি’ চেয়েছেন।
গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশত্যাগে বাধ্য হন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া দিল্লি হাসিনার পতনের পর যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই প্রথম কোনো বন্ধুত্বপূর্ণ মন্তব্য পেল। সূত্র: দ্য হিন্দুস্তান টাইমস্
নাইমুর/