স্ত্রীর পরকীয়া প্রেমিককে হত্যার দায়ে মো. শাহাদাৎ হোসেন নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৯-এর বিচারক মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
কারাগারে থাকা আসামিকে রায় ঘোষণার আগে আদালতে হাজির করা হয়। পরে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আমিনুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেন।
মামলাটির বিচারকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত।
১৪ বছর আগে ২০১৩ সালের ২৭ মে আসামির বিরুদ্ধে চার্জগঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মামলার বিচার শুরু হয়।
এর আগে, একই বছরের ২৩ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা তেজগাঁও থানার উপ-পরিদর্শক কাজী সাহান হক।
অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে আসামির স্ত্রীর সঙ্গে ভুক্তভোগী আনিসের পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরে আসামি আনিসকে (ভুক্তভোগী) স্ত্রীর সঙ্গে দেখা করতে নিষেধ করেন। কিন্তু আনিস কথা না শুনে আবারও দেখা করেন। ক্ষুব্ধ হয়ে ২০১২ সালের ৯ সেপ্টেম্বর বিকেলে ঢাকার তেজগাঁও থানার আনোয়ারা পার্কের দক্ষিণ পাশে মা মেডিকেল স্টোরের বিপরীত দিকে আনিসকে ছুরিকাঘাত করে হত্যার পর ফুটপাতে ফেলে রাখে আসামি। ওই ঘটনায় তেজগাঁও থানায় মামলা করে পুলিশ।
উজ্জ্বল/এসজি/