ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘২০১৩ সালে যে চুক্তি করেছেন, সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে।’
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জয়নুল আবদিন বলেন, ‘শেখ হাসিনার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। দিল্লিতে বসে মা-মেয়ে যুক্তি করে ড. ইউনূসের সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, বাংলাদেশের জনগণ কখনোই তা মেনে নেবে না। ভারতের বিরুদ্ধেও মানুষ সজাগ হচ্ছে। আপনি (শেখ হাসিনা) মানুষের অধিকার ক্ষুণ্ন করে ভারতের সঙ্গে আঁতাত করেছেন। সীমান্তে গুলি করে হত্যা করলেও সংসদে কথা বলার সুযোগ দেননি। আর এখন দাপটের সঙ্গে ভারতে বসে আছেন? মোদি সরকারের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিন্তু আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের বিরুদ্ধে যেসব কথা বলছেন, সেসব থেকে বিরত রাখুন।’
তিনি বলেন, ড. ইউনূস কয় মাসের মধ্যে নির্বাচন দেবেন, কখন নির্বাচন হবে, সেটা রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে। ইউনূস বাংলাদেশের আকাশে একটা নক্ষত্র। যিনি বাংলাদেশের মানুষকে বিশ্বের দরবারে উজ্জ্বল করে তুলেছেন।
ফারুক আরও বলেন, ‘বাংলাদেশের ৯২ হাজার কোটি টাকা আপনি (শেখ হাসিনা) লুট করে নিয়েছেন। কানাডায় বাড়ি বানিয়েছেন, তখন মনে হয়নি পালিয়ে যাবেন। এখন কেন জয়কে দিয়ে রাজনীতির কথা বলেন। এসব কথা চলবে না। বাংলাদেশের মানুষ আপনাকে বিচারের আওতায় আনবে। আপনারা যতই ষড়যন্ত্র করেন না কেন, বাংলাদেশের মাটিতে কোনো দিনও আওয়ামী লীগের নাম নিয়ে আসতে পারবেন না।’