সাদা পাথর লুটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তালিকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার নাম থাকার বিষয়ে প্রমাণ না দিলে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে দলটি।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সিলেট জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন করে এই হুঁশিয়ারি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- এনসিপি সিলেট জেলা প্রধান সমন্বয়কারী নাজিম উদ্দিন ও মহানগর প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী।
গত ২০ আগস্ট দুদকের তালিকায় বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে এনসিপির এই দুই নেতার নাম সাদা পাথর লুটপাটকারীদের তালিকায় রয়েছে।
বিএনপি-জামায়াতের মতো এনসিপিও সংবাদ সম্মেলন করে এ বিষয়টির প্রতিবাদ জানিয়েছে।
এনসিপির ওই দুই নেতা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানান, সম্প্রতি কিছু জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তাদের নাম যুক্ত করে পাথর লুটপাটের সঙ্গে জড়িত দেখানোর চেষ্টা করা হয়েছে।
দুদকের তালিকাকে ‘কথিত রেফারেন্স’ উল্লেখ করে প্রকৃত অপরাধীদের আড়াল করার চেষ্টা বলে দাবি করে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি স্বচ্ছ ও জনমুখী রাজনৈতিক প্ল্যাটফর্ম, যার জন্ম ২০২৪ সালের ২৪ জুলাই-এর গণ-আন্দোলনের মধ্য দিয়ে। দুর্নীতিমুক্ত ও দেশপ্রেমিক নেতৃত্ব গঠনের লক্ষ্যেই দলটি কাজ করছে। তারা কোনোভাবেই সাদা পাথর সংশ্লিষ্ট দুর্নীতির সঙ্গে জড়িত নন। এই পাথর সংক্রান্ত কোনো কার্যক্রমে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। যদি কোনো পক্ষ আমাদের জড়িত প্রমাণ করতে না পারে, তবে অবশ্যই তারা দুঃখপ্রকাশ করবে, অন্যথায় আমরা আইনি পদক্ষেপ নিতে বাধ্য হব।’
সংবাদ সম্মেলনে এনসিপির দুই শীর্ষ নেতা নাজিম উদ্দিন ও খায়রুল ইসলাম চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন জেলার যুগ্ম সমন্বয়ক আবু সাঈদ, সালমান খুর্শেদ, জেলা সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, জেলা সদস্য (প্রচার) মুফতি মাওলানা ছালিম আহমদ ও মহানগর শাখার যুগ্ম সমন্বয়ক নুরুল হকা প্রমুখ।
উল্লেখ্য, গত বুধবার একটি গণমাধ্যমে দুদকের তালিকা প্রকাশ হয়। এতে সাদা পাথর লুটে ৪২ জনের নাম প্রকাশ করা হয়। দুদকের এ তালিকা ভিত্তিহীন দাবি করে ওই দিনই সংবাদ সম্মেলন করে মহানগর বিএনপি। বৃহস্পতিবার দুপুরে জামায়াতও সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানায়। সর্বশেষ এনসিপি সংবাদ সম্মেলন করল।