রাসুলুল্লাহ (সা.) জগতের শ্রেষ্ঠ মানুষ। তিনি উত্তম চরিত্রের অধিকারী। পৃথিবীর সব মানুষের জন্য তাঁর মাঝে রয়েছে উত্তম আদর্শ। তাঁর সান্নিধ্যে অন্ধকার হারিয়ে যাওয়া মানুষ পেয়েছে পবিত্র আলোময় জীবনের সন্ধান। হয়েছে পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ মানুষ। তাঁর আদর্শের পথে যারাই জীবন পরিচালনা করেছে, তারাই পেয়েছে সভ্য, সুন্দর, নির্মল ও জান্নাতি জীবনের সন্ধান।
রাসুলুল্লাহ (সা.) উসওয়াতুল লিল আলামিন (সমূহ জগতের আদর্শ)। তিনি পৃথিবীর সব মানুষের উসওয়া (আদর্শ)। ইসলাম তাঁর আনীত ধর্ম; যে মানুষ ইসলামে বিশ্বাস করেনি, সমর্পিত হয়নি—সে কাফেরেরও নবি তিনি। তা হলে ভাবুন, ইসলামে যাদের পূর্ণ আস্থা, পরিচয় যাদের মুসলিম—সারাটা জীবনময় কতটা তাদের তিনি!
জীবনের ভোর থেকে জীবনের ঘোর—সবখানে ছড়িয়ে আছে তাঁর আদর্শের বাতাস। এ বাতাসে নিঃশ্বাস না নিলে আমরা মরে যাব; জীবনে সব পাব, শুধু জীবন খুঁজে পাব না। জীবন্মৃত সে জীবন, জীবন নয়—ভুল ছকে বাঁধা এক করুণতম আয়ু। সে আয়ুতে হাজার মিছের ছল, প্ররোচনার প্রাকারপিষ্ট পীড়া আর সুদীর্ঘশ্বাসময় বেদনার বেনোজল।
রাসুলুল্লাহ (সা.)-এর উসওয়া ছাড়া আমাদের মুক্তি নেই। তাঁর জীবনাদর্শই মানবজীবনের মহা মোক্ষের পথ। বিপুল বিস্ময় ও আনন্দের বার্তা এই তাঁর আদর্শ শীলিত, সীমিত নয়; পরিশ্রুত, অনাহুত নয়; বিস্তৃত, বিস্মৃত নয়। তাঁর আদর্শ ঘিরে রেখেছে মানবজীবনের প্রতিটি বাঁক-মোড়—আক্ষরিক অর্থেই তাঁর আদর্শের বাগডোরে প্রবিষ্ট আমাদের জীবন।
নবিজি (সা.): যার আদর্শে বিমোহিত পৃথিবী নবিজির মহান সে আদর্শের গ্রন্থিত রূপ। এমন মোহময় এর গ্রন্থনা, বিন্যাস ও রূপরেখা আপনি থেমে পড়বেন বিস্ময়ে! সব ছেড়েছুড়ে আরেকবার মনে হবে—নতুন করে শুরু করি জীবন। বইটি লিখেছেন ড. রাগিব সারজানি।
এটি মিসরের কায়রোতে আন্তর্জাতিক সিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী সর্বাধিক আলোচিত সিরাতগ্রন্থ। এ বইয়ে তিনটি অধ্যায় রয়েছে। প্রতিটি অধ্যায়ের অধীনে একাধিক পরিচ্ছেদ রয়েছে। নবিজীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি অধ্যায় এ গ্রন্থে উঠে এসেছে আবেগভরা শব্দে, মমতাভরা বাক্যে, প্রমাণসমৃদ্ধ সূত্রে আর ভালোবাসাপূর্ণ কথামালায়। কী নেই এ গ্রন্থটিতে? নবিজির শৈশব-কৈশোর-যৌবন-পরিণতকাল, নবুওয়াতপূর্ববর্তী জীবন-সমরজীবন-রাজনৈতিক জীবন-পিতৃজীবন-দাম্পত্যজীবন, নারীর অধিকার-শিশুর অধিকার-গোলামের অধিকার- শ্রমিকের অধিকার-মানুষের অধিকার-অন্যান্য প্রাণীর অধিকারসহ মানবজীবনের অপরিহার্য সকল বিষয়ে নববি আদর্শ কী, তা অভূতপূর্ব বিবরণে ও বহুরৈখিক বিন্যাসে উঠে এসেছে এ বইয়ে।
লেখক বইটি লেখার ক্ষেত্রে নবি (সা.)-এর জীবনের বড়ত্বের দিকগুলোতে, তাঁর নবুওয়াতের প্রমাণে, তাঁর রিসালাতের সত্যায়নে মৌলিকভাবে কোরআনের তথ্যের ওপর ভরসা করেছেন। সংশ্লিষ্ট আয়াতগুলোর ব্যাখ্যা ও অর্থের মর্ম-উদ্ধারে নির্ভর করেছেন আস্থাযোগ্য তাফসিরগ্রন্থগুলোর ওপর। মুখ্যত সুন্নাহর গ্রহণযোগ্য গ্রন্থাবলিতে বর্ণিত হাদিসসমূহের ওপর যথাসাধ্য ভরসা করা হয়েছে। পাশাপাশি মাগাজি, সিরাত, দালাইল ও শামাইলের গ্রন্থসমূহ থেকে তথ্য নেওয়া হয়েছে।
৬০৮ পৃষ্ঠার হার্ডকভারের রুচিশীল বাধাই ও মানসম্মত মুদ্রণে বইটি প্রকাশ করেছে মুহাম্মদ পাবলিকেশন। ভাষান্তর করেছেন আবদুন নুর সিরাজি, আম্মার মাহমুদ ও মুহাম্মদ রোকন উদ্দিন। দেশের অভিজাত সব লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যায়। সরাসরি মুহাম্মদ পাবলিকেশন থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেইজে।
বই: নবিজি (সা.): যার আদর্শে বিমোহিত পৃথিবী
লেখক: ড. রাগিব সারজানি
ভাষান্তর: আবদুন নুর সিরাজি, আম্মার মাহমুদ ও মুহাম্মদ রোকন উদ্দিন
প্রকাশক: মুহাম্মদ পাবলিকেশন
পৃষ্ঠাসংখ্যা: ৬০৮
মুদ্রিত মূল্য: ৭৮০/- টাকা
মোবাইল: ০১৩১৫০৩৬৪০৩
লেখক: আলেম ও সাংবাদিক