পৃথিবীতে মানুষ সৃষ্টির সূচনা হয়েছে বিশ্বাসী মানুষের আগমন দিয়ে। সৃষ্টির শুরু থেকেই মানুষ এক আল্লাহর ইবাদত করেছে। একত্ববাদের ওপর অবিচল থেকেছে। কিন্তু এক সময় শয়তানের প্ররোচনা তাদের একত্ববাদ থেকে দূরে সরিয়ে দিয়েছে। তারা আল্লাহর ইবাদত পরিত্যাগ করে মূর্তিপূজা আরম্ভ করেছে। এভাবে কেটে গেছে অনেক বছর। মানুষ ভুলে গেছে একত্ববাদের বাণী। এ সময় আল্লাহ চাইলেন পথভোলা সমাজকে নতুন করে একত্ববাদের শিক্ষা দিতে। পাঠালেন এক মহামানবকে—হজরত নুহ (আ.)।
তিনি নিজ সম্প্রদায়কে আল্লাহর বাণী শোনালেন। দেবদেবীর পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদতে মনোনিবেশ করতে বললেন। কিন্তু তার সম্প্রদায় ছিল একরোখা ও অহংকারী। তারা অহংকার দেখিয়ে প্রত্যাখ্যান করল আল্লাহর রাসুলকে। দিল হত্যার হুমকি-ধমকি। মুষ্টিমেয় কিছু লোক ছাড়া কেউ তার দাওয়াত গ্রহণ করল না। কেটে গেল বছরের পর বছর।
তারা থামল না। মহান রবের প্রতিশ্রুত শাস্তির প্রতি চ্যালেঞ্জ ছুড়ল। আল্লাহর ক্রোধকে ত্বরান্বিত করল। নেমে এলো দুর্যোগ। মহাপ্লাবন। জমিন বিদীর্ণ করে উঠে এলো পানি; আসমান থেকে অঝোর ধারায়ও বর্ষণ হলো পানি। ধ্বংস হলো সবকিছু, বেঁচে গেলেন শুধু আল্লাহর নবি ও তার সঙ্গীরা।
এরপর নতুন ইতিহাস রচিত হলো। গড়ে উঠল নতুন সমাজ। যে সমাজের ভিত ছিল একত্ববাদের ওপর। শুরু হলো দ্বিতীয় মানবসভ্যতার সূচনা। মিসরের প্রখ্যাত ইতিহাসবিদ ড. আলি মুহাম্মদ সাল্লাবি রচিত নুহ আ. ও মহাপ্লাবন বইটি আমাদের সেই ইতিহাসের গল্প শোনাবে। জানাবে সেই হাজারও বছর আগের তথ্যনির্ভর ইতিহাস।
নুহ আ. ও মহাপ্লাবন বইটি ড. আলি মুহাম্মদ সাল্লাবির একটি অনবদ্য রচনা। এটি লেখকের ‘উলুল আজমি মিনাল মুরসালিন’ সিরিজের অন্তর্ভুক্ত বিশেষ একটি বই। কোরআনকে মূল উৎস ধরে প্রাচীন ও আধুনিক নানান সূত্র ঘেঁটে ইতিহাস গবেষণার মূলনীতি অনুসারে লেখক তুলে ধরেছেন মানবসভ্যতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। লিখেছেন প্রথম মানবসভ্যতার বিপর্যয় এবং দ্বিতীয় মানবসভ্যতার সূচনা ও বিকাশের তথ্যনির্ভর ইতিহাস। ছয় অধ্যায়ে বিন্যস্ত বইটির মূল আলোচ্য বিষয় হলো, পৃথিবীতে আল্লাহর প্রেরিত প্রথম রাসুল, দ্বিতীয় মানবসভ্যতার নির্মাতা, মহাপ্লাবনপরবর্তী সকল নবি ও রাসুলের পিতা, উলুল আজম রাসুলদের অন্যতম সাইয়িদুনা নুহ (আ.)-এর বিস্তারিত উপাখ্যান।
নুহ (আ.)-কে কেন্দ্র করে বইটিতে তুলে ধরা হয়েছে, প্রথম মানবসভ্যতায় আদম-সন্তানদের পরিস্থিতি, একত্ববাদ থেকে ছিটকে পড়া, শিরকের বিস্তার ও নৈতিক বিপর্যয়ের বিস্তারিত ইতিহাস। বিবৃত হয়েছে প্রথম মানবসভ্যতার ক্রান্তিলগ্নে নুহ (আ.)-এর আগমন, একত্ববাদের দাওয়াত, দাওয়াতের বিষয়বস্তু ও মানহাজ, দাওয়াতের পথে নুহ (আ.)-এর অক্লান্ত শ্রম, নুহ সম্প্রদায়ের অবস্থান, নুহ (আ.) কর্তৃক সম্প্রদায়ের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ, নৌযান নির্মাণ, মহাপ্লাবন, প্রথম মানবসভ্যতার ধ্বংসলীলা, মুমিন নর-নারীগণ ও প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে মুক্তির নৌযানে আরোহণ ও মহাপ্লাবন শেষে জুদি পর্বতে অবতরণের লোমহর্ষক বর্ণনা। এখান থেকেই শুরু হয় দ্বিতীয় মানবসভ্যতার ইতিহাস।
৬০৮ পৃষ্ঠার বইটি বাংলা ভাষায় প্রকাশ করেছে মুহাম্মদ পাবলিকেশন। ভাষান্তর করেছেন আবদুর রহমান আজহারি, মুফতি মাহমুদুল হাসান, মুফতি গোলাম রাজ্জাক কাসেমি, মুফতি মামুনুর রশিদ, মুফতি মুহাম্মদ জুনাইদ হুসাইন। দেশের অভিজাত সব লাইব্রেরিসহ বিভিন্ন অনলাইন বুকশপে বইটি পাওয়া যায়। সরাসরি মুহাম্মদ পাবলিকেশন থেকে বইটি কিনতে ভিজিট করুন ফেসবুক পেইজে।
বই: নুহ (আ.) ও মহাপ্লাবন
লেখক: ড. আলি মুহাম্মদ সাল্লাবি
ভাষান্তর: আবদুর রহমান আজহারি, মুফতি মাহমুদুল হাসান, মুফতি গোলাম রাজ্জাক কাসেমি, মুফতি মামুনুর রশিদ, মুফতি মুহাম্মদ জুনাইদ হুসাইন
প্রকাশক: মুহাম্মদ পাবলিকেশন
পৃষ্ঠা সংখ্যা: ৬২৪
মুদ্রিত মূল্য: ৮২০ টাকা
মোবাইল: ০১৩১৫০৩৬৪০৩
লেখক: আলেম, গবেষক ও সাংবাদিক