সুস্থতা যেমন আল্লাহর নেয়ামত, তেমনি অসুস্থতাও। তবে অসুস্থতার নেয়ামত মানুষকে কখনো পীড়িত করে। আল্লাহ অসুস্থতা দিয়ে পরীক্ষা নেন কখনো। অসুস্থ হলে অধৈর্য হওয়া যাবে না। আল্লাহ সম্পর্কে অযাচিত মন্তব্য করা যাবে না। এমন কোনো কথা বলা যাবে না, যা ঈমানের ক্ষতিসাধন করে। অসুস্থতায় আরোগ্য লাভের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। দোয়ার মাধ্যমে আরোগ্য লাভ হয়। দোয়ার মাধ্যমে মানুষের জীবনের পরিবর্তন হয়। আল্লাহ খুশি হন। এখানে আরোগ্য লাভের কয়েকটি দোয়া তুলে ধরা হলো—
এক.
বাংলা উচ্চারণ: ওয়া ইজা মারিজতু, ফা হুয়া ইয়াশফি নি।
বাংলা অর্থ: যখন আমি রোগাক্রান্ত হই, তখন তিনিই (মহান আল্লাহই আমাকে) আরোগ্য দান করেন। (সুরা শুয়ারা, আয়াত: ৮০)
দুই.
বাংলা উচ্চারণ: ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউও, ওয়া রাহমাতুল্লিল মুমিনিন।
বাংলা অর্থ: আমি (আল্লাহ) কোরআনে এমন কিছু নাজিল করি যা রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। (সুরা বনি ইসরাইল, আয়াত: ৮২)
তিন.
বাংলা উচ্চারণ: ওয়া ইয়াশফি সুদুরা কাওমি মুমিনিন।
বাংলা অর্থ: আল্লাহ, তুমি মুমিনদের অন্তরকে রোগমুক্ত করে দাও। (সুরা তওবা, আয়াত: ১৪)
চার.
বাংলা উচ্চারণ: ওয়া শিফা উল্লিমা ফিস সুদুর, ওয়া হুদাও ওয়া রহমাতুললিল মুমিনিন।
বাংলা অর্থ: (কোরআন হচ্ছে) মুমিনদের জন্য অন্তরের রোগগুলোর প্রতিষেধক। (সুরা ইউনুস, আয়াত: ৫৭)
পাঁচ.
সুরা ফাতিহাকে সুরাতুশ শিফা বলা হয়। সুরা ফাতিহা পাঠ করে রোগীর শরীরে ফুঁ দিলে বা পানিতে ফুঁ দিয়ে রোগীকে খাওয়ালে আল্লাহ সুস্থতা দান করবেন। আবদুল মালেক ইবনে উমায়ের (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সুরা ফাতেহা সব রোগের মহোষুধ।’ (দারেমি, হাদিস: ৩৪১৩)
লেখক: আলেম ও মাদরাসা শিক্ষক