আইনপ্রণেতাদের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও পুলিশি বর্বরতার প্রতিবাদে গোলাপি রঙের পোশাক পরে, ঝাড়ু হাতে বিক্ষোভে যোগ দিয়েছেন ইন্দোনেশিয়ার নারীরা।
বুধবার (৪ সেপ্টেম্বর) নানাবিধ সংস্কারের দাবিতে ঝাড়ু নিয়ে তারা বিক্ষোভ করেন। গত সপ্তাহে শুরু হওয়া এই বিক্ষোভ ইতোমধ্যে বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশটিকে নাড়িয়ে দিয়েছে।
রয়টার্স জানায়, দেশটিতে চলমান বিক্ষোভের মধ্যেই গত বুধবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো চীনে গিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ও জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উদযাপনের কুচকাওয়াজে অংশ নেন।
বুধবারের বিক্ষোভকারী নারীদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘পুলিশ সংস্কার করো’ এবং ‘তোমার মিষ্টি প্রতিশ্রুতিতে ডায়াবেটিস হচ্ছে’ এ ধরণের অসংখ্য স্লোগান দিতে দেখা যায়।
নারীদের হাতে ঝাড়ুর কারণ হিসেবে বিক্ষোভের আয়োজক দ্য অ্যালায়েন্স অব ইন্দোনেশিয়ান উইমেন জানায়, রাষ্ট্রের ময়লা-আবর্জনা এবং নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নকে যে ঝেঁটিয়ে বিদায় করা দরকার, তা বোঝাতেই প্রতীকী হিসেবে ঝাড়ু ব্যবহার করা হয়েছে।
গত বৃহস্পতিবার পুলিশের গাড়ির ধাক্কায় এক ট্যাক্সিচালক নিহত হওয়ার পর দেশজুড়েই বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভ চলাকালীন বিভিন্ন মানবাধিকার সংগঠন এখন পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর দিয়েছে।
সুলতানা দিনা/