রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় পাকিস্তানি নাগরিক আল্লা বক্সের (৪৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) ঢাকার বিশেষ দায়রা জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত আলম সাংবাদিকদের জানান, আল্লা বক্স পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান শহরের এলাহি বক্সের ছেলে। রায় ঘোষণার আগে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজার পরোয়ানাসহ তাকে কারাগারে ফেরত পাঠানো হয়।
২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি বেলা ১টার দিকে একটি ফ্লাইটে আল্লা বক্স ও মো. হারুন (৬০) নামে দুই পাকিস্তানি নাগরিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। বিমানবন্দরের টার্মিনাল থেকে বের হওয়ার সময় এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা ওই দুই পাকিস্তানির ব্যাগে তল্লাশি চালান। তাদের ব্যাগ থেকে ১০ কেজি ৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়। যার আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।
এ ঘটনায় পরদিন ২৮ ফেব্রুয়ারি বিমানবন্দর থানায় মামলা করা হয়। মামলাটি তদন্ত করেন সিআইডির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) দেওয়ান কৌশিক আহমেদ। তদন্ত শেষে ওই বছরের ৩০ মে তাদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
২০১৪ সালের ১৪ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে আসামি মো. হারুন (৬০) মারা যাওয়ায় মামলা থেকে তার নাম বাদ দেওয়া হয়। তার বাড়ি পাকিস্তানের করাচিতে বলে জানা গেছে। মামলায় ১৩ জন সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।