বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৭ নেতা-কর্মীকে নাশকতার একটি মামলায় আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২৭ নভেম্বর) আইনের পৃথক দুটি ধারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত এ দণ্ড দেন। পাঁচ বছর আগে রাজধানীর উত্তরখান এলাকায় পুলিশকে উদ্দেশ করে ককটেল, ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনায় মামলাটি করেছিল পুলিশ।
আড়াই বছর কারাদণ্ড ছাড়াও প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। যা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
আসামিরা হলেন- শরীফুল আলম ওরফে সবুজ আলম, সরকার রফিকুল ইসলাম মুকুল, আহসান হাবীব মোল্লা, রায়হানুল বাসেদ ওরফে আব্দুল হাই, ইসতিয়াকুল বাছেদ, আনোয়ার হোসেন সরকার, আরিফ উদ্দিন এনামুল, মো. রুহুল আমিন, মজিবুর রহমান, মো. মোস্তফা, নাসিমুল ইসলাম নাসিম, শামীম, রুস্তম আলী, আসাদুল ইসলাম, সাব্বির সরকার, ইসমাইল হোসেন ও জাকির।
মামলা সূত্রে জানা যায়, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ২০১৮ সালের ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে উত্তরখান থানাধীন স্নানঘাট তেরমুখ ঘাট ব্রিজের পাশে জমায়েত হন। সেখানে তারা নাশকতার জন্য গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে হাজির হলে তাদের উদ্দেশে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যান তারা। এ সময় উত্তরখান পুলিশের দুই সদস্য আহত হন। এ ঘটনার পরদিন উত্তরখান থানায় উপপরিদর্শক আশিকুর রহমান দেওয়ান বাদী হয়ে মামলা করেন।
এআর