সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে অচেতন করে ধর্ষণ ও ভিডিওধারণের মামলায় দুই আসামিকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ জুন) দুপুরে সিলেট মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক হারুনুর রশিদ এ আদেশ দেন।
আসামিরা হলেন- একই বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ।
এর আগে, গত রবিবার আদালতে দুজনকে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।
আসামিদের আজ সোমবার থেকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।
তিনি খবরের কাগজকে বলেন, ‘আমরা আসামিদের রিমান্ডে নিয়ে তাদের সঙ্গে আরও কেউ জড়িত কি-না তা খোঁজে বের করার চেষ্টা করব।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২ মে সিলেটের রিকাবীবাজারে একটি কনসার্টে যাওয়ার আগে সহপাঠী ও সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ অচেতন করে ধর্ষণ করেছেন বলে গত বৃহস্পতিবার (১৯ মে) অভিযোগ দেন ভুক্তভোগী ছাত্রী। শুধু যৌন নির্যাতন নয়, তা ভিডিওধারণ করে নিয়মিত অভিযুক্তরা ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করছিল বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। এ ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়ায় ১৯ মে রাতেই আদনান ও পার্থকে আটক করে পুলিশ। পরে ২০ জুন সিলেট কোতোয়ালি থানায় দুজনের সঙ্গে অজ্ঞাত আরও ২-৩ জনসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী ছাত্রী। এ ঘটনায় তিনি আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন।
শান্ত ও পার্থ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক কর্মী। এর মধ্যে শান্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলারও আসামি।
সালমান/