কুমিল্লার মুরাদনগর উপজেলার পাচকিত্তা গ্রামে ধর্ষণের শিকার এক নারীকে মারধর ও অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনার ‘মূলহোতা’ হিসেবে পরিচিত শাহ পরানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (৮ জুলাই) কুমিল্লার আদালতে আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রুহুল আমিন।
আবেদনের প্রেক্ষিতে বুধবার (৯ জুলাই) শুনানি শেষে এ আদেশ দেন কুমিল্লার ১১নং আমলি আদালতের বিচারক মমিনুল হক।
কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৬ জুন দিবাগত রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামে বসতঘরের দরজা ভেঙে সংখ্যালঘু এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় অভিযুক্ত ও ভুক্তভোগী নারীকে বিবস্ত্র করে নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এসব ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এরই মধ্যে ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ফজর আলীর ভাই শাহ পরানের সম্পৃক্ততার বিষয়টি পুলিশের তদন্তে উঠে আসে। পরে কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব। পরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড আবেদন করে। বুধবার শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। একই ঘটনায় গ্রেপ্তার অপর চার আসামির ৩ দিনের রিমান্ড শেষে মঙ্গলবার কারাগারে পাঠানো হয়।
অপরদিকে অভিযুক্ত ফজর আলীকে আহত অবস্থায় গ্রেপ্তারের পর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফজর আলী কিছুটা সুস্থ হলে তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।
জহির/সালমান/