মানুষের মধ্যে যারা কুফরি করে, তারা যেমন জাহান্নামে যাবে, তেমনি জিনদের মধ্যে যারা কুফরি করে, তাদের পরিণতিও হবে জাহান্নাম। কারণ জিনরাও মানুষের মতো শরিয়তের বিধি-নিষেধের ব্যাপারে আদেশপ্রাপ্ত। মহান আল্লাহ বলেন, ‘আমি জিন ও মানুষ সৃষ্টি করেছি শুধুই আমার ইবাদতের জন্য।’ সুরা জারিয়াত, আয়াত: ৫৬)
কিয়ামতের দিন জিন ও মানুষকে একসঙ্গে একই কাতারে দাঁড় করানো হবে। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘যেদিন তিনি তাদের সবাইকে একত্র করবেন এবং বলবেন, হে জিন সম্প্রদায়, তোমরা তো অনেক মানুষকে তোমাদের অনুগামী করেছিলে!’ (সুরা আনয়াম, আয়াত: ১২৮)
পবিত্র কোরআনে আরও এরশাদ হয়েছে, ‘সুতরাং শপথ আপনার প্রতিপালকের! আমি তো তাদের এবং শয়তানদের একসঙ্গে একত্র করবই। পরে আমি তাদের নতজানু অবস্থায় অবশ্যই জাহান্নামের চারিদিকে উপস্থিত করব। অতঃপর প্রত্যেক দলের মধ্যে রহমানের অর্থাৎ আল্লাহর প্রতি যে সর্বাধিক অবাধ্য, আমি তাকে টেনে বের করব আর তাদের মধ্যে যারা জাহান্নামে প্রবেশের অধিকতর যোগ্য, তাদের বিষয়ে আমি অধিকতর জ্ঞাত।’ (সুরা মরিয়ম, আয়াত: ৬৮-৭০)
এরপর কাফের জিনদের উদ্দেশে বলা হবে, ‘তোমাদের আগে জিন ও মানুষের যেসব দল গত হয়েছে, তাদের সঙ্গে তোমরাও জাহান্নামে প্রবেশ করো।’ (সুরা আরাফ, আয়াত: ৯৪)
এই নির্দেশ দেওয়ার পর তাদের অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে—‘অতঃপর তাদের এবং পথভ্রষ্টদের জাহান্নামে নিক্ষেপ করা হবে অধোমুখী করে এবং ইবলিসের বাহিনীর সকলকেও।’ (সুরা শুয়ারা, আয়াত: ৯৪)
এবং এর মধ্য দিয়েই মূলত মহান আল্লাহর নিম্নোক্ত ঘোষণাটি বাস্তবায়িত হবে—‘আমি জিন ও মানুষ—উভয় দ্বারা জাহান্নাম পূর্ণ করব—আপনার প্রতিপালকের এই ঘোষণা পূর্ণ হবেই।’ (সুরা হুদ, আয়াত: ১১৯)
পবিত্র কোরআনে আরও এরশাদ হয়েছে, ‘তাদের ব্যাপারেও তাদের পূর্ববর্তী জিন ও মানুষদের মতো শাস্তির বাণী আরোপিত হয়েছে।’ (সুরা ফুসসিলাত, আয়াত: ২৫)
লেখক: আলেম, সাংবাদিক ও গবেষক