রমজানের শেষ সূর্য যখন ডুবে যায়, তখন আকাশে দেখা দেয় এক ফালি নতুন চাঁদ। এ চাঁদ শুধু নতুন মাসের সূচনার নয়—রহমত, বরকত, ক্ষমা, মানবিকতা ও ভালোবাসা এবং নতুন করে জেগে ওঠার বার্তাবাহী এক ফালি চাঁদ। ঈদের আসল সৌন্দর্য এখানেই—এটা আমাদের ভেতরের মানুষটাকে উন্নত করতে চায়। জীবনটাকে নতুনভাবে সাজানোর সুযোগ তৈরি করে দেয়। ঈদের আগে ফিতরা দেওয়ার বিধান ইসলামের অসাধারণ এক মানবিক সৌন্দর্য। ঈদের আনন্দ যেন শুধু কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না থাকে; সমাজের সব মানুষ যেন ঈদের দিনে অন্তত তৃপ্তির হাসি হাসতে পারে এবং সবাই যেন নিজের ঘরের আনন্দকে অন্যের ঘর পর্যন্ত পৌঁছে দিতে পারে—এই মানসিকতাই ঈদের প্রাণ। ঈদুল ফিতরের মানবিক আহ্বান। ঐশী ডাক।
মহানবি (সা.) আমাদের শিখিয়েছেন—ঈদের দিন আনন্দ প্রকাশ করতে, সুন্দরভাবে প্রস্তুত হতে, মানুষের সঙ্গে দেখা করতে এবং শুভেচ্ছা আদান-প্রদান করতে। তিনি দেখিয়েছেন—ভারসাম্যই হলো ঈদুল ফিতরের প্রকৃত সৌন্দর্য। ইবাদত থাকবে, থাকবে আনন্দও; গম্ভীর্যতা থাকবে, থাকবে হাসিও। ঈদের দিন তিনি সাধারণভাবে মানুষের সঙ্গে মিশতেন, শিশুদের প্রতি স্নেহ-ভালোবাসা দেখাতেন এবং সহজ আচরণে হৃদয় জয় করতেন। মহত্ত্ব মানে দূরে থাকা নয়, মানুষের কাছে থাকা। মানুষকে কাছে টানা এবং মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া।
ঈদ সম্পর্ক মেরামতেরও দিন। বছরের পর বছর জমে থাকা অভিমান, ভুল বোঝাবুঝি, দূরত্ব—সব গলিয়ে দেওয়ার এক আলত সুযোগ। একটি সালাম, একবার আলিঙ্গন, একটি শুভেচ্ছামাখা বার্তা অথবা একটি আন্তরিক ক্ষমা—এগুলো ছোট শব্দ, কিন্তু ভাঙা হৃদয় জোড়া লাগাতে ম্যাজিকের মতো কাজ করে। ঈদ আমাদের শেখায়—ইগো অফ করো, ভালোবাসা অন করো এবং বলো, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদ মুবারক।
ঈদকে আমরা চাইলে সত্যিকারের মানবতাপূর্ণ ঈদ বানাতে পারি। একটু চারপাশে তাকালেই দেখা যাবে—কেউ একা, কেউ অসুস্থ, কেউ অভাবে চুপচাপ। তাদের পাশে দাঁড়ানো, খাবার ভাগ করে দেওয়া, নতুন কাপড় উপহার দেওয়া কিংবা শুধু সময় নিয়ে কথা শোনা—এসবই মানবতার ঈদ।
লেখক: প্রাবন্ধিক ও সাংবাদিক