নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান বলেছেন, কাউকে নির্বাচনে আনা কিংবা না আনা নির্বাচন কমিশনের কাজ নয়। রাজনৈতিক বিষয় রাজনৈতিকভাবে সমাধান হওয়া উচিত।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় কালে ইসি আনিছুর রহমান এসব কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে ইসি আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলের সঙ্গে আর আলোচনার সম্ভাবনা নেই।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি বলেন, ‘বিএনপিকে আমরা বারবার সংলাপের আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু তারা আমাদের আস্থায় নিতে পারেননি; আমাদের ডাকে সাড়া দেননি।’
অপর এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, ‘নির্বাচন কমিশনের কাজ নির্বাচনী পরিবেশ সৃষ্টি করা। ভোটার উপস্থিত করা নির্বাচন কমিশনের কাজ নয়। ভোটার উপস্থিতি যাই হোক না কেন, নির্বাচন কমিশনের তা দেখার বিষয় নয়। ভোটার উপস্থিত করা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দায়িত্ব।’ লক্ষ্মীপুর-৩ আসনে উপনির্বাচন সুষ্ঠু করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘কোনো কেন্দ্রে অনিয়ম হলে, প্রয়োজনে সে কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে।’
জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম। এ সময় পুলিশ সুপার তারেক বিন রশিদ, উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী চারজন প্রার্থী ও জেলা উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে ইসি আনিছুর রহমান লক্ষ্মীপুর টাউনহলে নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন।
এমএ/