কুমিল্লার মুরাদনগরে সংখ্যালঘু নারীকে ধর্ষণের পর নিপীড়ন ও বিবস্ত্র করে ভিডিও ছড়িয়ে দেওয়ার মাস্টারমাইন্ড শাহ পরানকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে কুমিল্লার বুড়িচং এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শাহ পরান ধর্ষণে অভিযুক্ত ফজর আলীর ছোট ভাই।
আটকের বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১,সিপিসি-২-এর উপ-পরিচালক মাহমুদুল হাসান বলেন, ‘ভুক্তভোগী নারীকে ধর্ষণের পর নিপীড়ন, নির্যাতন ও বিবস্ত্র ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার মাস্টারমাইন্ড শাহ পরান। বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকেই সে আত্নগোপনে ছিল।’
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ‘ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় শাহ পরানের সম্পৃক্ততার বিষয়টি পুলিশের তদন্তে উঠে এসছে। বৃহস্পতিবার বিকেলে র্যাবের পক্ষ থেকে শাহ পরানকে আটকের বিষয়টি জানানো হয়েছে। তাকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
এর আগে, গত ২৬ জুন দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর গ্রামে ঘরের দরজা ভেঙে সংখ্যালঘু এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠে। এ ঘটনায় অভিযুক্ত যুবক ও ভুক্তভোগী নারীকে বিবস্ত্র করে নির্যাতনের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এসব ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় শুরু হয়। এরই মধ্যে পুলিশ ধর্ষণে অভিযুক্ত একই গ্রামের বাসিন্দা ফজর আলী ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে চার যুবককে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার চার আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ড শেষে ঘটনার মূলহোতাদের শনাক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ।
জহির/সালমান/