নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার অস্থায়ী বিশেষ জজ আদালত-৯-এর বিচারক শেখ হাফিজুর রহমান দিন ধার্য করে এই আদেশ দেন।
রবিবার (১৭ ডিসেম্বর) এই আদেশ দেন তিনি। মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য এ দিন ধার্য ছিল। তবে মামলার প্রধান আসামি খালেদা জিয়া আদালতে উপস্থিত হতে না পারার পরিপ্রেক্ষিতে বিচারক নতুন দিন ধার্য করেন। খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। তাই তার পক্ষে আইনজীবী আব্দুল হান্নান ভূঁইয়া হাজিরা দেন।
সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৯ ডিসেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে মামলাটি করা হয়। দুর্নীতি দমন কমিশন (দুদক) এই মামলা করে। মামলাটি তদন্তের পর ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।
চলতি বছরের ১৯ মার্চ আদালত খালেদা জিয়াসহ ৮ আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এই মামলায় অভিযোগ গঠনের আদেশ দেন।
মামলার ১১ আসামির মধ্যে খালেদা জিয়া ছাড়া অন্যরা হলেন- সাবেক মুখ্য সচিব কামাল উদ্দীন সিদ্দিকী, বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক মীর ময়নুল হক, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম, সাবেক সিনিয়র সহকারী সচিব সিএম ইউসুফ হোসাইন, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন, বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এমএএইচ সেলিম ও নাইকোর দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ।
এমএ/