প্রশ্ন: আজ থেকে মাসেক আগে আমার স্বামী মারা যান। তখন থেকে আমি তার বাড়িতেই যথানিয়মে ইদ্দত পালন করছি। আমাদের এলাকায় মসজিদসংলগ্ন এক বাড়িতে একটি মাসতুরাতের জামাত এসেছে। আমাদের বাড়ি থেকে এর দূরত্ব ৯/১০ মিনিট হাঁটার পথ। জানার বিষয় হচ্ছে, আমি কি দিনের বেলা সেখানে তালিম শোনার জন্য যেতে পারব? বাড়ির আশপাশের মহিলারা সবাই সেখানে তালিম শুনতে যায়। আমাকেও তারা যাওয়ার জন্য দাওয়াত দিচ্ছে। এখন আমি কী করব? এক্ষেত্রে শরিয়তের বিধান কী?
ফাহমিদা আক্তার, বরিশাল
উত্তর: ইদ্দত পালনকালে বিধবার জন্য নিজ বাড়িতে অবস্থান করা জরুরি। শরিয়তসম্মত প্রয়োজন ছাড়া এ সময় বাইরে বের হওয়া জায়েজ নয়। সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার জন্য তালিম শোনার জন্য বের হওয়া যাবে না। এ প্রসঙ্গে আবদুল্লাহ ইবনে ওমর (রা.) বলেন, ‘বিধবা ইদ্দত চলাকালীন স্বামীর ঘর থেকে বের হবে না।’ (মুসান্নাফে আবদুর রাজজাক, বর্ণনা: ১২০৬২)। এ সময় আপনি নিজ ঘরে অবস্থান করে কোরআন তেলাওয়াত, জিকির-আজকার এবং দ্বীনী কিতাবাদি পড়বেন। (আলবাহরুর রায়েক, ৪/১৫৪; রদ্দুল মুহতার, ৩/৫৩৬)
জাহেলি যুগে স্বামীর মৃত্যুর পর এক বছর পর্যন্ত নারী বাড়ির বাইরে যেতে পারত না। এক বছরের মধ্যে অন্য কোথাও বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারত না। নারীদের খুব সমস্যা হতো তখন। আল্লাহ এ বিধান সহজ করে দিয়েছেন। এক বছরের পরিবর্তে শুধু চার মাস ১০ দিনের ইদ্দত নির্ধারণ করেছেন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যুমুখে পতিত হয়, তাদের স্ত্রীরা চার মাস ১০ দিন প্রতীক্ষায় থাকবে...।’ (সুরা বাকারা, আয়াত: ২৩৪)
আরও পড়ুন: সাত বছরকে নামাজের জন্য উপযোগী করার কারণ
সুতরাং এই চার মাস ১০ দিনে বিধবা নারীকে স্বামীর ঘরবাড়িতে অবস্থান করতে হবে। সাজসজ্জাহীন সাধারণ পোশাক পরিধান করবে। কোনোরকম সুগন্ধি, অলংকার, মেহেদি, কাজল ব্যবহার করবে না। বিবাহমূলক কথা বা কাজ করবে না। তবে প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবে।
লেখক: আলেম, মুফতি ও সাংবাদিক