চাঁদপুরের মতলব উত্তরে পারিবারিক একটি সালিশ বৈঠকে প্রতিপক্ষের কিল-ঘুষিতে সুরুজ আলী প্রধান (৬৪) নামে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই অভিযুক্ত যুবক কবির হোসেন পাটোয়ারী (৩১) পালিয়ে যান।
মঙ্গলবার (১৬ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া সুরুজ আলী প্রধান মাইজকান্দি গ্ৰামের মৃত কালু প্রধানের ছেলে এবং ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ফরাজীকান্দি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার সুরুজ আলী প্রধানের বাড়ি-সংলগ্ন পাটোয়ারী বাড়িতে জমি সংক্রান্ত বিষয় নিয়ে সালিশ বৈঠকে বসেন। ওইসময় একই বাড়ির রহমত উল্লাহ পাটোয়ারীর ছেলে কবির হোসেনকে সুরুজ আলী শাসন করতে থাপ্পড় দিলে কবির তাকে পাল্টা কিল-ঘুষি দেয়। এ সময় সুরুজ আলী ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে চিকিৎসার জন্য মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
সালিশি বৈঠকের বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
শরীফুল/সালমান/