রাঙামাটির সাজেকে সীমান্ত সড়কে ট্রাক খাদে পড়ে ৫ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি স্থানীয় প্রশাসন।
বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টার দিকে সাজেক-উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি নামক স্থানে শ্রমিকবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহনেওয়াজ রাজু দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত ৫ জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় হতাহত শ্রমিকরা ১০৩৬ কিলোমিটার দীর্ঘ নির্মাণাধীন সীমান্ত সড়কের বাঘাইছড়ি সাজেকের উদয়পুর অংশে কাজ করছিলেন। সড়কটি নির্মাণ কাজ করছে সেনাবাহিনীর ২০-ইসিবি।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, ‘সড়ক দুর্ঘটনায় ৬ নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর শুনেছি। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।’
দুর্ঘটনার সংবাদ পেয়ে উদ্ধার কাজে অংশ নেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের জানান, রাত সাড়ে ৮টা পর্যন্ত খাগড়াছড়ি জেলা হাসপাতাল ও দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সড়ক দুর্ঘটনা কবলিত কাউকে আনা হয়নি।