চট্টগ্রামের মিরসরাইয়ে ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রমজান আলী বাপ্পী (৩০) কে দীর্ঘ ৯ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (১০ মে) র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার রমজান আলী বাপ্পী মিরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর গ্রামের ছালেহ আহম্মদের ছেলে। রমজান মিরসরাই উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন।
জানা গেছে, ২০১৪ সালের ২৩ জানুয়ারি বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমকে ধর্ষণ এবং প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১)/৩০ ধারায় (মামলা নং-০১ (০২)১৪, জিআর নং-১৪/১৪, নারী ও শিশু মামলা নং- ৬৫২/১৪ দায়ের করা হয়। ওই মামলায় বিচার প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
র্যাব-৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার বলেন, ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি রমজান আলী বাপ্পীকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্ত অব্যাহত রাখে। সে আইনশৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেপ্তার এড়াতে ছদ্মনামে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন ওয়াসার মোড় এলাকায় অবস্থান করার খবর পেয়ে আমরা বৃহস্পতিবার (৯ মে) রাতে অভিযান পরিচালনা করি। সেখান থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট হতে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ৯ বছর যাবৎ চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল সে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে আসামিকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল কাদের বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রমজান আলী বাপ্পীকে র্যাব হস্তান্তর করার পর শুক্রবার (১০ মে) দুপুরে চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।