মানিকগঞ্জের সিংগাইরে বুদ্ধিপ্রতিবন্ধী এক মেয়েকে ধর্ষণের মামলায় ফুফা আইনুদ্দিনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে ও এম তৌফিক আজম।
গ্রেপ্তার আইনুদ্দিন উপজেলার জার্মিতা ইউনিয়নের রামচন্দ্রপুর ধাইরাপাড়া গ্রামের মৃত নুর ইসলামের ছেলে।
মামলার সূত্র থেকে জানা গেছে, ধর্ষণের শিকার মেয়েটি জন্মের পর থেকেই বুদ্ধিপ্রতিবন্ধী। মাঝে মধ্যেই ওই বাড়িতে বেড়াতে যেতেন আইনুদ্দিন। ঘটনার দিন মেয়েকে রেখে বাড়ির সবাই কৃষি কাজের জন্য মাঠে যান। এই সুযোগে আইনুদ্দিন ভয় দেখিয়ে প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করেন। এ ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলার ভয়ও দেখান তিনি।
এর বেশ কিছুদিন পর মেয়ের শরীরের পরিবর্তন ও বমি করতে দেখে ভুক্তভোগীর মা স্থানীয় এক প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মেয়েকে ১৬ সপ্তাহের গর্ভবতী বলে জানান। পরে মঙ্গলবার (২২ এপ্রিল) ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় ধর্ষণের মামলা করেন।
ওসি জেওএম তৌফিক আজম বলেন, গতকাল আইননুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। সে ধর্ষণের কথা শিকার করেছেন। এ ঘটনায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
আসাদ/মেহেদী/