কুড়িগ্রামের নাগেশ্বরীতে বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন মেয়ে (১৬)। অভিযোগ ওঠার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত বাবা।
মঙ্গলবার (১৭ জুন) কচাকাটা থানায় অভিযোগ করেন ওই কিশোরী। একইদিন অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
এর আগে উপজেলার কালীগঞ্জ ইউনিয়নের কুমেদপুর কান্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।
ওই কিশোরী অভিযোগ করেন, প্রায় এক বছর ধরে বিভিন্ন সময় তার বাবা তাকে ধর্ষণ করে আসছেন। প্রায় ১০ মাস আগে কিশোরীর বিয়ে হয়। এরপরও বিভিন্ন কথা বলে স্বামীর বাড়ি থেকে তাকে এনে নির্যাতন করতেন তার বাবা। সবশেষ গত ২ জুন তাকে স্বামীর বাড়ি থেকে এনে ১২ জুন রাতে মায়ের অবর্তমানে তাকে ধর্ষণ করেন। পরে মাকে বিষয়টি জানালে মায়ের সঙ্গে বাবার তর্ক হয়। পরে অভিযুক্ত বাবা মা-মেয়েকে মারধর করলে ওইদিন বিষয়টি চাউর হয়। এর পর মঙ্গলবার দুপুরে কচাকাটা থানায় লিখিত অভিযোগ করেন কিশোরী।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিলে গ্রাম ছেড়ে পালিয়ে যান অভিযুক্ত।
কিশোরীর বড় ভাই বলেন, 'গত ১১ তারিখ শুনি বাড়িতে আমার বোন ও আব্বা-আম্মার মারামারি হইছে। পরে এক মুরুব্বিসহ বাড়িতে গিয়ে শুনলাম। বললাম আমার হালখাতা আছে কেউ ক্যাচাল কইরেননা। পরের দিন আবার মারামারি হইছে। ওইদিন শুনলাম মেয়েটা বাবার বিরুদ্ধে এই অভিযোগ করেছে। আমি তো সবটা জানি না। আব্বা ,আম্মা পলাতক আছে।'
কালিগঞ্জ ইউপি চেয়ারম্যান বলেন, এ ঘটনায় আমার কাছে কেউ আসেনি। লোকমুখে ঘটনাটি শুনেছি। শুনলাম মামলা হয়েছে।
এ ব্যাপারে ওসি নাজমুল আলম বলেন, 'কিশোরীর অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন। ভিকটিম পুলিশ হেফাজতে রয়েছে। আগামীকাল স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হবে।'
মেহেদী/