রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকায় এক কিশোরীকে অস্ত্রের মুখে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
গত সোমবার (২৮ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন মুস্তাকিম, সুমন, ঝটন ও রবিন। এ সময় তাদের কাছ থেকে একটি সামুরাই ছুরি, একটি দেশীয় বড় ছুরি ও নগদ ৩ হাজার ৩৪০ টাকা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী ইফতেখার হাসান।
তিনি বলেন, সেনাবাহিনীর একটি টিম রায়েরবাজার এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।
সেনাবাহিনীর ৪৬ ব্রিগেডের এক কর্মকর্তা জানান, অভিযুক্তরা শুধু সংঘবদ্ধ ধর্ষণেই নয়; ছিনতাই, ডাকাতি ও ইভ টিজিংসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।
সোমবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, চারজনের একটি চক্র রায়েরবাজার এলাকায় এক কিশোরীকে ধর্ষণ করে এবং পরে দেশীয় অস্ত্র নিয়ে ভুক্তভোগী পরিবারের ওপর ভয়ভীতি দেখিয়ে মামলা না করার জন্য চাপ সৃষ্টি করে।
গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চারজনই তাদের অপরাধের বিষয়টি স্বীকার করেছে। পরে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয় এবং মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়।