চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে সমুদ্রে নিখোঁজ হওয়া মালয়েশিয়ান নাবিকের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড।
শুক্রবার (১০ মে) সন্ধ্যায় কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সুয়াইব বিকাশ খবরের কাগজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই মালয়েশিয়ান নাগরিকের নাম ঈসা বিন মুহাম্মদ বীরমোহন (৩১)। তিনি ‘এমটিটি সাপানগারে’ নামে জাহাজে কর্মরত ছিলেন।
কোস্টগার্ড জানায়, মালয়েশিয়ান ওই নাবিক চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজের ডেকের ওপর কাজ করার সময় গত ৮ মে সকাল ৮টার দিকে সমুদ্রে পড়ে নিখোঁজ হন। ঘটনার পরপরই তাকে উদ্ধারের জন্য জাহাজ ও বোট নিয়ে ব্যাপক অনুসন্ধান চালায় কোস্টগার্ড। তবে সমুদ্র উত্তাল থাকায় উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়েছিল।
লে. কমান্ডার মো. সুয়াইব বিকাশ জানান, শুক্রবার সকাল থেকে কোস্টগার্ডের উদ্ধারকারী জাহাজ ‘জয়বাংলা’ দিয়ে উদ্ধার অভিযান চলছিল। একপর্যায়ে বিকাল ৪টার দিকে বহির্নোঙর থেকে কিছুটা দূরে লাশটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।