ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় মো. সোহেল রানা (২৮) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (২২ জুলাই) ভোরে ফুলবাড়ীয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. সোহেল রানা একই এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, সোহেলের বাসার পাশেই বসবাস করতেন এক নারী। স্বামী প্রবাসে থাকার সুবাদে বিভিন্ন সময় ওই নারীকে কুপ্রস্তাব দিয়ে বিরক্ত করতেন সোহেল। এতে রাজি না হওয়ায় বিভিন্ন ধরণের ভয়ভীতি দেখানো হতো। গত ২৬ জুন রাত ১১টার দিকে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হয় নারী। এ সময় তার মুখ চেপে ধরে বাড়ির পাশে লেবু বাগানে নিয়ে ধর্ষণ করে সোহেল।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে সোহেলকে আসামি করে থানায় ধর্ষণ মামলা করেন।
এ বিষয়ে র্যাব-১৪ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান বলেন, মামলার পর থেকেই গ্রেপ্তার এড়াতে পালিয়ে যান সোহেল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
কামরুজ্জামান/অমিয়/